চেন্নাইয়ে হতে পারে বিগ ব্যাশের উদ্বোধনী ম্যাচ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
চেন্নাইয়ে হতে পারে বিগ ব্যাশের উদ্বোধনী ম্যাচ

চেন্নাইয়ে হতে পারে বিগ ব্যাশের উদ্বোধনী ম্যাচ

চেন্নাইয়ে হতে পারে বিগ ব্যাশের উদ্বোধনী ম্যাচ

ভারতের মাটিতে এবার দেখা যেতে পারে অস্ট্রেলিয়ার জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগের (বিবিএল) ম্যাচ। সবকিছু ঠিক থাকলে ২০২৬-২৭ মৌসুমের উদ্বোধনী ম্যাচ আয়োজন করা হতে পারে চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে, যা আইপিএলের দল চেন্নাই সুপার কিংসের হোম ভেন্যু।

চলতি বছরের ফেব্রুয়ারিতেই ভেন্যু হিসেবে চেন্নাইকে সম্ভাব্য বিকল্প হিসেবে বিবেচনা করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। কয়েক মাসের আলোচনা শেষে তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন ও বিসিসিআইয়ের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছে তারা।

সোমবার আইপিএলে চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচ দেখতে এম এ চিদাম্বরম স্টেডিয়ামে উপস্থিত ছিলেন ক্রিকেট অস্ট্রেলিয়ার পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল। জানা গেছে, অস্ট্রেলিয়া সরকারের সঙ্গেও এ বিষয়ে সমন্বয় করে কাজ করছে সিএ। বিসিসিআই সভাপতি মিঠুন মানহাসও ওই ম্যাচে উপস্থিত ছিলেন।

তবে ম্যাচ আয়োজন চূড়ান্ত করতে এখনো কিছু সরকারি পর্যায়ের আলোচনা বাকি রয়েছে।

ভারতে ম্যাচ আয়োজনের ক্ষেত্রে ভ্রমণ ও সূচি নিয়ে কিছু চ্যালেঞ্জও রয়েছে। অস্ট্রেলিয়া থেকে চেন্নাইয়ে সরাসরি ফ্লাইট না থাকায় খেলোয়াড়দের যাত্রা ও বিশ্রামের বিষয়টি গুরুত্ব পাচ্ছে। এছাড়া ডিসেম্বর মাসে চেন্নাইয়ে বৃষ্টিপাত ও বন্যার ঝুঁকিও বিবেচনায় রাখা হচ্ছে।

সম্প্রচার সময়ের সুবিধার জন্য ম্যাচটি দিনের বেলা আয়োজন করা হতে পারে। কারণ আইপিএলের দিনের ম্যাচ অস্ট্রেলিয়ার সময় রাত ৮টায় শুরু হয়, যা দর্শকদের জন্য বেশি সুবিধাজনক। অন্যদিকে রাতের ম্যাচ শুরু হয় মধ্যরাতে।

বিবিএলের কয়েকটি ফ্র্যাঞ্চাইজি ইতোমধ্যেই চেন্নাইয়ে খেলতে আগ্রহ দেখিয়েছে। সিডনি থান্ডার, মেলবোর্ন স্টার্স ও মেলবোর্ন রেনেগেডসের নাম আলোচনায় রয়েছে। তবে কোনো একটি দলকে ‘হোম’ দল হিসেবে খেলতে হলে তাদের অস্ট্রেলিয়ায় ঘরের মাঠের ম্যাচ কমে যাবে, যা টিকিট ও সদস্য আয়ে প্রভাব ফেলতে পারে।

এদিকে ভারতের মাটিতে বিবিএল আয়োজনের আলোচনা চলার মধ্যেই লিগটির বেসরকারিকরণ নিয়েও বিতর্ক চলছে অস্ট্রেলিয়ায়। কয়েকটি ফ্র্যাঞ্চাইজিতে বেসরকারি বিনিয়োগ আনার পরিকল্পনা নিয়ে বিভিন্ন রাজ্য ক্রিকেট সংস্থার মধ্যে মতভেদ রয়েছে।