চোট কাটিয়ে আইপিএলে ফিরছেন ফিল সল্ট

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 48 মিনিট আগে আপডেট: 1 সেকেন্ড আগে
চোট কাটিয়ে আইপিএলে ফিরছেন ফিল সল্ট

চোট কাটিয়ে আইপিএলে ফিরছেন ফিল সল্ট

চোট কাটিয়ে আইপিএলে ফিরছেন ফিল সল্ট

ইনজুরি কাটিয়ে চলতি সপ্তাহেই ভারতে ফিরছেন ইংল্যান্ড ও আরসিবি ওপেনার ফিল সল্ট। আঙুলের চোটে প্রায় এক মাস আইপিএলের বাইরে থাকার পর প্লে-অফের আগে তার ফেরাটা স্বস্তি দিচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে।

গত ১৮ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচে বাউন্ডারি বাঁচাতে গিয়ে বাঁ হাতের আঙুলে চোট পান সল্ট। এরপর আর মাঠে নামেননি তিনি। আঙুলের চিকিৎসা ও পরিবারের সঙ্গে সময় কাটাতে দেশে ফিরে গিয়েছিলেন এই ইংলিশ ব্যাটার।

সল্টের অনুপস্থিতিতেও দুর্দান্ত ছন্দে রয়েছে আরসিবি। ইতোমধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে দলটি। নেট রানরেটে বড় কোনো পরিবর্তন না হলে আগামী মঙ্গলবার ধর্মশালায় কোয়ালিফায়ার-১ খেলাও প্রায় নিশ্চিত তাদের।

তবে শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে লিগ পর্বের শেষ ম্যাচে সল্ট খেলবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। প্লে-অফের এত কাছে এসে তাকে নিয়ে ঝুঁকি নিতে চাইবে না দলটি।

সল্ট না থাকায় বিরাট কোহলির ওপেনিং সঙ্গী হিসেবে খেলছিলেন জ্যাকব বেথেল। তবে সাত ইনিংসে মাত্র ৯৬ রান করায় খুব একটা প্রভাব ফেলতে পারেননি এই তরুণ ইংলিশ ব্যাটার। অন্যদিকে পাঞ্জাব কিংসের বিপক্ষে ৭৩ রানের অপরাজিত ইনিংস খেলে আলোচনায় এসেছেন ভেঙ্কটেশ আইয়ার।

আরসিবির জন্য আরেকটি সুখবর হতে পারে অধিনায়ক রজত পাতিদারের ফেরাও। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে কার্তিক ত্যাগীর বাউন্সারে হেলমেটে আঘাত পাওয়ার পর ধর্মশালায় যাননি তিনি। তবে স্ট্যান্ড-ইন অধিনায়ক জিতেশ শর্মা জানিয়েছেন, পাতিদার “খুব ভালো আছেন” এবং শুক্রবারের ম্যাচেই ফিরতে পারেন। এতে একাদশ নির্বাচন নিয়ে মধুর সমস্যায় পড়তে পারে আরসিবি।