লর্ডসে প্রথমবার মুখোমুখি বাংলাদেশ ও নেপাল, আগামী জুনে ঐতিহাসিক টি-টোয়েন্টি
লর্ডসে প্রথমবার মুখোমুখি বাংলাদেশ ও নেপাল, আগামী জুনে ঐতিহাসিক টি-টোয়েন্টি
লর্ডসে প্রথমবার মুখোমুখি বাংলাদেশ ও নেপাল, আগামী জুনে ঐতিহাসিক টি-টোয়েন্টি
আগামী বছরের জুনে ক্রিকেটের ‘হোম অব ক্রিকেট’ লর্ডসে প্রথমবারের মতো টি-টোয়েন্টি আন্তর্জাতিকে মুখোমুখি হবে বাংলাদেশ ও নেপাল। মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) আজ বৃহস্পতিবার এ ম্যাচের ঘোষণা দিয়েছে। ম্যাচটি হবে ২০২৭ সালের ৩ জুন।
এমসিসির আয়োজনে নেপালের ইংল্যান্ড সফরের অংশ হিসেবে এ ম্যাচ অনুষ্ঠিত হবে। একই দিনে লর্ডসে মিডলসেক্সের একটি টি-টোয়েন্টি ব্লাস্ট ম্যাচও হবে। ফলে লর্ডসের ইতিহাসে এই প্রথম আন্তর্জাতিক ও ঘরোয়া ম্যাচের ‘ডাবল-হেডার’ দেখা যাবে। ব্লাস্টের ম্যাচটি কার বিপক্ষে হবে, তা ঘরোয়া টি-টোয়েন্টি ব্লাস্টের সূচি ঘোষণার পর জানানো হবে।
বাংলাদেশ ও নেপালের দর্শকেরা যাতে সরাসরি টেলিভিশনে খেলা দেখতে পারেন, সে জন্য ম্যাচের সময়সূচি সেভাবেই নির্ধারণ করা হবে বলে জানিয়েছে এমসিসি।
লর্ডসে এটি হবে বাংলাদেশের পুরুষ দলের প্রথম টি-টোয়েন্টি আন্তর্জাতিক। এর আগে চলতি বছর আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের নারী দল প্রথমবার লর্ডসে খেলেছে। আগামী বছরের মে মাসের শেষ দিকে ১৭ বছর পর লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতে নামবে বাংলাদেশের পুরুষ দল। সেই টেস্টের কয়েক দিন পরই এই টি-টোয়েন্টি হওয়ায় লর্ডসে বাংলাদেশের জন্য এটি হবে স্মরণীয় এক গ্রীষ্ম।
নেপালের জন্যও ম্যাচটি ঐতিহাসিক। আইসিসির কোনো পূর্ণ সদস্য দেশের বিপক্ষে এটাই হবে লর্ডসে নেপালের প্রথম ম্যাচ।
বিসিবির সভাপতি তামিম ইকবাল বলেন, লর্ডসে প্রথমবার টি-টোয়েন্টি খেলতে পেরে বাংলাদেশ দল আনন্দিত। তার ভাষায়, টেস্টে ফেরার পর এই ম্যাচ আগামী গ্রীষ্মকে বাংলাদেশ ক্রিকেটের জন্য আরও স্মরণীয় করে তুলবে।
