উইজডেনের বর্ষসেরা স্টার্ক ও দীপ্তি, সমালোচনায় ইংল্যান্ডের অ্যাশেজ ব্যর্থতা
উইজডেনের বর্ষসেরা স্টার্ক ও দীপ্তি, সমালোচনায় ইংল্যান্ডের অ্যাশেজ ব্যর্থতা
উইজডেনের বর্ষসেরা স্টার্ক ও দীপ্তি, সমালোচনায় ইংল্যান্ডের অ্যাশেজ ব্যর্থতা
বিশ্ব ক্রিকেটের মর্যাদাপূর্ণ প্রকাশনা উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাক বর্ষসেরা পুরুষ ও নারী ক্রিকেটারের নাম ঘোষণা করেছে। এতে সেরা পুরুষ ক্রিকেটার হিসেবে নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ পেসার মিচেল স্টার্ক এবং সেরা নারী ক্রিকেটার হয়েছেন ভারতের অলরাউন্ডার দীপ্তি শর্মা।
এবারের বর্ষসেরা পাঁচ ক্রিকেটারের তালিকায় আধিপত্য দেখিয়েছে ভারত। তালিকায় জায়গা পেয়েছেন শুবমান গিল, রবীন্দ্র জাদেজা, রিশাব প্যান্ট ও মোহাম্মদ সিরাজ। ইংল্যান্ড থেকে একমাত্র স্থান করে নিয়েছেন হাসিব হামিদ, যিনি ২০২৫ সালে নটিংহ্যামশায়ারকে কাউন্টি চ্যাম্পিয়নশিপ জেতাতে নেতৃত্ব দেন। উল্লেখ্য, একজন ক্রিকেটার জীবনে একবারই এই পুরস্কার পেতে পারেন।
টেস্ট পারফরম্যান্সের জন্য আলাদা উইজডেন ট্রফিও জিতেছেন শুবমান গিল। ইংল্যান্ডের এজবাস্টনে এক টেস্টেই ২৬৯ ও ১৬১ রানের অসাধারণ ইনিংস খেলেন তিনি।
অন্যদিকে মিচেল স্টার্কের পারফরম্যান্স ছিল দারুণ ধারাবাহিক। ২০২৫ সালে ১১টি টেস্টে ৫৫টি উইকেট নেন তিনি, গড় ১৭.৩২। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্যারিয়ার সেরা ৬ উইকেট নেন মাত্র ৯ রানে। এরপর ২০২৫-২৬ অ্যাশেজ সিরিজেও ৩১ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
নারীদের ক্রিকেটে দীপ্তি শর্মা ছিলেন ভারতের বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক। ৫০ ওভারের বিশ্বকাপে তিনি ২১৫ রান করার পাশাপাশি নেন ২২টি উইকেট। ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫৮ রানের ইনিংস ও ৫ উইকেট নিয়ে ম্যাচ সেরার পারফরম্যান্স উপহার দেন তিনি।
টি-টোয়েন্টি সংস্করণে বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ভারতের অভিষেক শর্মা।
এদিকে উইজডেনের সম্পাদক লরেন্স বুথ ইংল্যান্ডের ঘরোয়া প্রতিযোগিতা ‘দ্য হান্ড্রেড’ এ আইপিএল সংশ্লিষ্ট মালিকানার প্রভাব বৃদ্ধির সমালোচনা করেছেন। তার মতে, এতে করে প্রতিযোগিতাটি আইপিএলের বিকল্প বা ছায়া আসরে পরিণত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।
একই সঙ্গে অ্যাশেজে ইংল্যান্ড দলের হতাশাজনক পারফরম্যান্স নিয়েও কঠোর মন্তব্য করেছেন তিনি। ৪-১ ব্যবধানে সিরিজ হারের পর দলটির পরিকল্পনা, কৌশল এবং শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন উইজডেন সম্পাদক।
