আইপিএলে হাসারাঙ্গার বদলে জর্জ লিন্ডে

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 4 ঘন্টা আগে আপডেট: 26 সেকেন্ড আগে
আইপিএলে হাসারাঙ্গার বদলে জর্জ লিন্ডে

আইপিএলে হাসারাঙ্গার বদলে জর্জ লিন্ডে

আইপিএলে হাসারাঙ্গার বদলে জর্জ লিন্ডে

চোটে ছিটকে যাওয়া ওয়ানিন্দু হাসারাঙ্গাকে ছাড়াই এগোতে হচ্ছে লখনৌ সুপার জায়ান্টসকে, আর সেই শূন্যতা পূরণে দ্রুতই নতুন মুখ ঘোষণা করতে যাচ্ছে দলটি।

বৃহস্পতিবার কলকাতায় কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচ চলাকালীন দলটির ক্রিকেট পরিচালক টম মুডি জানান, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যেই হাসারাঙ্গার পরিবর্তে নতুন খেলোয়াড়ের নাম ঘোষণা করা হবে

দলের পরিকল্পনায় ইতোমধ্যেই পরিবর্তন এসেছে বলে ইঙ্গিত দেন মুডি। তিনি বলেন, হাসারাঙ্গা দলে যোগ দিতে পারবেন না ধরে নিয়েই তারা বিকল্প খুঁজছেন এবং প্রক্রিয়াটি শেষ পর্যায়ে রয়েছে।

এদিকে, নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, দক্ষিণ আফ্রিকার বাঁহাতি স্পিনার জর্জ লিন্ডে হাসারাঙ্গার বদলি হিসেবে এগিয়ে আছেন। যদিও এখনো আইপিএলে খেলা হয়নি তার, তবে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে অভিজ্ঞতা রয়েছে এই স্পিনারের।

গত ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার প্রথম ম্যাচে বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার পর থেকেই মাঠের বাইরে আছেন হাসারাঙ্গা। এছাড়া আইপিএলে অংশ নিতে প্রয়োজনীয় ফিটনেস পরীক্ষাও তিনি সম্পন্ন করতে পারেননি, যা এনওসি পাওয়ার জন্য বাধ্যতামূলক ছিল।

সর্বশেষ নিলামে ২ কোটি রুপিতে হাসারাঙ্গাকে দলে ভিড়িয়েছিল লখনৌ, কিন্তু ইনজুরির কারণে তিনি স্কোয়াডে যোগ দিতে পারেননি। এর আগে রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছেন এই লেগস্পিনার।

হাসারাঙ্গা না থাকলেও এবারের আসরে বোলিংয়ে ভালো ছন্দে রয়েছে লখনৌ। দলে স্পিন আক্রমণে আছেন দিগ্বেশ রাঠি, এম সিদ্ধার্থ ও শাহবাজ আহমেদ। অন্যদিকে, পেসার মোহসিন খানও ইনজুরির কারণে শুরুর ম্যাচের পর থেকেই বাইরে আছেন।

সম্ভাব্য বদলি লিন্ডের সাম্প্রতিক পারফরম্যান্স অবশ্য খুব একটা চোখে পড়ার মতো নয়। সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে চার ইনিংসে মাত্র একটি উইকেট নিয়েছেন তিনি। তবে গত এক বছরে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে তার।

টি-টোয়েন্টি ক্যারিয়ারে এখন পর্যন্ত ২৫০ ম্যাচ খেলে ২১৮ উইকেট নিয়েছেন লিন্ডে, যেখানে তার ইকোনমি রেট ৭.৪২।