দুলতে থাকা ম্যাচেও আস্থা হারাননি মিরাজ, সিরিজ জয়ে তৃপ্ত অধিনায়ক
দুলতে থাকা ম্যাচেও আস্থা হারাননি মিরাজ, সিরিজ জয়ে তৃপ্ত অধিনায়ক
দুলতে থাকা ম্যাচেও আস্থা হারাননি মিরাজ, সিরিজ জয়ে তৃপ্ত অধিনায়ক
একপেশে দুই ম্যাচের পর যেন নাটকীয় পরিণতির অপেক্ষায় ছিল সিরিজের শেষ লড়াই। সেই ম্যাচেই তৈরি হলো রুদ্ধশ্বাস উত্তেজনা কখনো বাংলাদেশের দিকে ঝুঁকেছে পাল্লা, আবার কখনো পাকিস্তানের দিকে। শেষ মুহূর্ত পর্যন্ত অনিশ্চয়তায় দুলতে থাকা এই লড়াইয়ে শেষ হাসিটা হেসেছে বাংলাদেশই, আর অধিনায়ক মেহেদী হাসান মিরাজের বিশ্বাসও শেষ পর্যন্ত সত্যি হয়েছে।
রোববার পাকিস্তানের বিপক্ষে সিরিজ নির্ধারণী ওয়ানডেতে আগে ব্যাট করে ৫ উইকেটে ২৯০ রান তোলে বাংলাদেশ। তাড়া করতে নেমে দ্রুত পাঁচ উইকেট হারিয়ে ৮২ রানে থমকে যায় পাকিস্তান।
কিন্তু সেখান থেকেই ম্যাচে ফেরে সফরকারীরা। সালমান আলি আগার সেঞ্চুরি। একসময় ম্যাচের নিয়ন্ত্রণ বারবার হাত বদল করতে থাকে, যা শেষ ওভারের আগ পর্যন্ত অনিশ্চয়তার আবহ তৈরি করে।
তবে শেষ পর্যন্ত চাপ সামলে ১১ রানের জয় তুলে নেয় বাংলাদেশ। এই জয়ের মধ্য দিয়েই সিরিজ নিজেদের করে নেয় মিরাজের দল।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক জানান, ম্যাচের চাপ স্পষ্টভাবেই অনুভব করছিলেন তিনি। তবুও দলের জয়ের বিষয়ে তার বিশ্বাসে কোনো ঘাটতি ছিল না। সেই মুহূর্তের অনুভূতি জানাতে গিয়ে মিরাজ বলেন,
"চাপ তো অবশ্যই ছিল, তবে আমার বিশ্বাস ছিল যে, ম্যাচটা জিতব। খুব ক্লোজ হয়ে গিয়েছিল খেলাটা, আমরা মাঝের ওভারগুলোতে উইকেট বের করতে পারিনি। আমরা যদিও ওখানে আরও কিছু উইকেট বের করতে পারতাম, তাহলে ভালো হতো।"
এই সিরিজ জয়ের ফলে আইসিসি ওয়ানডে র্যাংকিংয়েও ইতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশের। চার নম্বরে থাকা দলকে হারিয়ে সিরিজ থেকে তিন র্যাংকিং পয়েন্ট সংগ্রহ করেছে তারা। এর ফলে ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে নবম স্থানে উঠে এসেছে বাংলাদেশ।
অধিনায়ক মিরাজের মতে, এই সাফল্যের পেছনে বড় অবদান রেখেছে দলের বোলিং ইউনিট। পুরো সিরিজ জুড়েই বোলাররা দায়িত্বশীল পারফরম্যান্স দিয়েছেন বলে মনে করেন তিনি। বোলারদের প্রশংসা করতে গিয়ে মিরাজ বলেন,
"সব মিলিয়ে সবাই দল হিসেবে খেলেছে। আমার কাছে মনে হয়, নাহিদ রানা খুবই ভালো বোলিং করেছে। সবশেষ সিরিজে ও দলে ছিল না। দলে ফিরে এসেছে, ভালো করেছে। প্রথম ম্যাচে পাঁচ উইকেট পেয়েছে। তাসকিনও অনেক ভালো বোলিং করেছে। মুস্তাফিজ ভালো করেছেন। বোলাররা তাদের দায়িত্ব খুব ভালোভাবে পান করেছে। প্রথম ম্যাচে আমরা ওদেরকে ১১৪ রানে অল আউট করেছি। দ্বিতীয় ম্যাচে প্রথম ১০-১২ ওভার আমরা ভালো করতে পারিনি, তবে পরে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছি, শেষের দিকে ৪০ রানে ৬ উইকেট নিয়েছি।"
তবে বোলিংয়ে সন্তুষ্টি থাকলেও ব্যাটিং নিয়ে কিছুটা অস্বস্তির কথাও স্বীকার করেছেন বাংলাদেশ অধিনায়ক। তার মতে, নির্ভরযোগ্য উইকেটে খেলতে পারলে ব্যাটসম্যানরা আরও আত্মবিশ্বাসী হয়ে উঠবেন। ব্যাটিং নিয়ে নিজের ভাবনার কথা জানিয়ে মিরাজ বলেন,
"হ্যাঁ, কিছু জায়গায় আমাদের ঘাটতি আছে। ব্যাটসম্যানদের দায়িত্ব নিতে হবে। আমার কাছে মনে হয় যে, আমরা যদি ‘ট্রু’ উইকেটে ভালো উইকেটে খেলি, ব্যাটসম্যানরা অনেক আত্মবিশ্বাস পাবে। এই সিরিজে আমরা ট্রু উইকেটে খেলেছি এবং ব্যাটসম্যানরা এখানে রান পেয়েছে। এভাবেই আমরা পরিকল্পনা করছি।"
