দক্ষিণ আফ্রিকা সফর অনিশ্চিত নেসারের, বাংলাদেশের বিপক্ষে সিরিজেও নেই
-
1
শরফুদ্দৌলার চুক্তি বাতিল নয়, নবায়ন না করার সিদ্ধান্ত বিসিবির
-
2
পাকিস্তান দলের ব্যাটিং কোচ হলেন মাইকেল স্মিথ
-
3
এইচপির টি-টোয়েন্টি দলে সাব্বির-শামীম, মালয়েশিয়ার বিপক্ষে ফেরার মঞ্চ
-
4
বাবর-আবদুল্লাহর জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণে পাকিস্তান
-
5
একদিন ইংল্যান্ডের প্রধান কোচ হওয়ার স্বপ্ন স্টোকসের, নেতৃত্ব প্রসঙ্গে বললেন ব্রুকের কথাও
দক্ষিণ আফ্রিকা সফর অনিশ্চিত নেসারের, বাংলাদেশের বিপক্ষে সিরিজেও নেই
দক্ষিণ আফ্রিকা সফর অনিশ্চিত নেসারের, বাংলাদেশের বিপক্ষে সিরিজেও নেই
অস্ট্রেলিয়ার অভিজ্ঞ পেসার মাইকেল নেসার অনুশীলনে ডান পায়ের কাফে চোট পেয়েছেন। তবে আগামী অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সফরের আগে পুরোপুরি সুস্থ হয়ে ওঠার ব্যাপারে আশাবাদী এই ৩৬ বছর বয়সী পেসার।
আগামী বৃহস্পতিবার ডারউইনে শুরু হতে যাওয়া বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ঘোষিত ১৩ সদস্যের দলে জায়গা পাননি নেসার। ইনজুরি কাটিয়ে প্যাট কামিন্স ও জশ হ্যাজলউড দলে ফেরায় তাকে স্কোয়াডের বাইরে রাখা হয়। তবে মূল চার পেসারের কেউ চোটে পড়লে বিকল্প হিসেবে প্রস্তুত ছিলেন তিনি।
সম্প্রতি অ্যাশেজ সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করেন নেসার। পাঁচ ম্যাচে ১৫ উইকেট নিয়ে গড় ছিল ১৯.৯৩। ব্রিসবেনের গ্যাবায় নিজের প্রথম পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়ার পাশাপাশি মেলবোর্ন ও সিডনিতে দুটি করে চার উইকেটও শিকার করেন তিনি। তার পারফরম্যান্সই কামিন্স ও হ্যাজলউডের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে অ্যাশেজ জিততে বড় ভূমিকা রাখে।
বাংলাদেশ সিরিজের আগে পুরোপুরি অনুশীলনে ছিলেন নেসার। কিন্তু চলতি সপ্তাহে দৌড়ের অনুশীলনের সময় হঠাৎ করেই কাফে চোট পান। এই চোট থেকে সেরে উঠতে তার প্রায় এক মাস পুনর্বাসন প্রয়োজন হবে। এরপর ধীরে ধীরে আবার বোলিংয়ের প্রস্তুতি শুরু করবেন, যাতে দক্ষিণ আফ্রিকা সফরের জন্য নিজেকে প্রস্তুত করতে পারেন।
২০২৪ সালের নভেম্বরে অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়ে খেলার সময় হ্যামস্ট্রিংয়ে গুরুতর চোট পাওয়ার পর থেকে নেসার আর কোনো বড় ইনজুরিতে পড়েননি। অ্যাশেজে দুর্দান্ত পারফরম্যান্সের পর তাকে ক্রিকেট অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিও দেওয়া হয়। আগামী ১২ মাসে অস্ট্রেলিয়ার সম্ভাব্য ২০ থেকে ২১টি টেস্ট ম্যাচের ব্যস্ত সূচির কথা বিবেচনায় রেখে ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতেও যাননি তিনি। নির্বাচক, কোচিং স্টাফ ও মেডিকেল বিভাগ মনে করছে, দীর্ঘ সূচির কারণে পেস বোলিং বিভাগে পর্যাপ্ত গভীরতা রাখা জরুরি।
এদিকে ব্রিসবেনের প্রস্তুতি ক্যাম্পে নেসারের চোটই ছিল সবচেয়ে বড় উদ্বেগের বিষয়। যদিও উইকেটকিপার-ব্যাটার জশ ইংলিস ব্যাটিংয়ের সময় পিঠে খিঁচুনির সমস্যায় পড়েছিলেন, তবে এটি পুরোনো সমস্যা হওয়ায় বাংলাদেশের বিপক্ষে সিরিজে খেলতে তার কোনো সমস্যা হবে না বলেই আশা করা হচ্ছে।
অন্যদিকে প্যাট কামিন্স, জশ হ্যাজলউড, মিচেল স্টার্ক ও স্কট বোল্যান্ড সবাই সুস্থ আছেন। প্রথম টেস্টের একাদশে হ্যাজলউড ও বোল্যান্ডের মধ্যে একজন সুযোগ পাবেন বলে ধারণা করা হচ্ছে। হ্যামস্ট্রিং অস্ত্রোপচারের পর স্পিনার নাথান লায়নও সফলভাবে দীর্ঘ স্পেল বোলিং করেছেন এবং প্রথম টেস্টে তার খেলার সম্ভাবনা উজ্জ্বল।
ব্যাটিং বিভাগে প্রস্তুতি ম্যাচে মার্নাস লাবুশেন, জেক ওয়েদারাল্ড ও ক্যামেরন গ্রিন অর্ধশতক করেছেন। ডারউইন টেস্টে গ্রিন ও বিউ ওয়েবস্টারকে একাদশে দেখা যেতে পারে। উসমান খাজা অবসরের পর গ্রিনকে পাঁচ নম্বরে ব্যাট করানো হতে পারে।
এদিকে বাংলাদেশের বিপক্ষে বৃহস্পতিবার শুরু হওয়া তিন দিনের প্রস্তুতি ম্যাচের জন্য ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশে নতুন করে কুইন্সল্যান্ডের বাঁহাতি ব্যাটার জ্যাক ক্লেটনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। লঙ্কা প্রিমিয়ার লিগে খেলতে যাওয়ায় ভিক্টোরিয়ার টম রজার্সের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন তিনি। নিউ সাউথ ওয়েলসের অভিজ্ঞ ব্যাটার কার্টিস প্যাটারসন এই দলটির নেতৃত্ব দেবেন। প্রস্তুতি ম্যাচটি প্রথম-শ্রেণির মর্যাদা পাচ্ছে না এবং স্কোয়াডের ১৩ জন ক্রিকেটারই ব্যাটিং ও বোলিং করার সুযোগ পাবেন। দক্ষিণ অস্ট্রেলিয়ার অলরাউন্ডার নোয়া ম্যাকফ্যাডেনকে শেষ পর্যন্ত দল থেকে বাদ দেওয়া হয়েছে।
