চোটে আইএলটি-টোয়েন্টি থেকে ছিটকে গেলেন নাসিম ও জোসেফ
চোটে আইএলটি-টোয়েন্টি থেকে ছিটকে গেলেন নাসিম ও জোসেফ
চোটে আইএলটি-টোয়েন্টি থেকে ছিটকে গেলেন নাসিম ও জোসেফ
চোটের কারণে আইএলটি-টেয়েন্টির বাকি অংশ থেকে ছিটকে গেছেন ডেজার্ট ভাইপার্সের ফাস্ট বোলার নাসিম শাহ এবং গালফ জায়ান্টসের শামার জোসেফ।
শারজাহ ওয়ারিয়র্সের বিপক্ষে দলের দ্বিতীয় ম্যাচে পল ওয়াল্টারকে আউট করার সময় ইয়র্কার দিতে গিয়ে ফলো-থ্রুতে পড়ে বাঁ হাঁটুতে চোট পান নাসিম। বল করার পরপরই মাটিতে লুটিয়ে পড়েন তিনি এবং ২.৫ ওভারে ৩১ রানে ১ উইকেট নিয়ে মাঠ ছাড়েন। নাসিমের বদলি এখনো ঘোষণা করেনি ভাইপার্স। শনিবারের বিবৃতিতে ডিরেক্টর অব ক্রিকেট টম মুডি বলেন, মাঠ ও মাঠের বাইরে নাসিমের নেতৃত্ব ও বোলিং তারা মিস করবেন এবং যথাসময়ে বদলি নিয়ে সিদ্ধান্ত নেবেন। স্কোয়াডে থাকা ডেভিড পেইন, টম কারানসহ অন্য পেসারদের জন্য এখন সুযোগ তৈরি হয়েছে, যদিও আহমাদজাই ও ইশতিয়াক এখনো খেলেননি। চার ম্যাচে মাত্র একটি জিতেছে ভাইপার্স, সর্বশেষ শনিবার এমআই এমিরেটসের কাছে সুপার ওভারে হেরেছে তারা।
অন্যদিকে, কুঁচকির চোটে টুর্নামেন্ট থেকে বাদ পড়েছেন জায়ান্টসের শামার জোসেফ। তার বদলি হিসেবে আরেক ওয়েস্ট ইন্ডিজ পেসার জেইডেন সিলসকে দলে নেওয়া হচ্ছে। ২৪ নভেম্বর এমিরেটসের বিপক্ষে নিজের প্রথম ম্যাচে ৩ ওভারে ৯ রানে ৩ উইকেট নেওয়ার পর মাঠ ছাড়েন জোসেফ; অধিনায়ক হাইনরিখ ক্লাসেন তখন এটিকে সতর্কতামূলক ব্যবস্থা বলেছিলেন। গত দুই বছরে এটি জোসেফের চতুর্থ চোট এর আগে ভাঙা পা, শিন স্প্লিন্টস এবং কাঁধের চোটে পাঁচ মাস মাঠের বাইরে ছিলেন তিনি। সম্ভাব্য বদলি সিলস সিপিএলে নিয়মিত খেললেও ওয়েস্ট ইন্ডিজের হয়ে মাত্র ৯টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এবং সর্বশেষ বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে ৩৭ গড়ে ৩ উইকেট নিয়েছেন। উল্লেখ্য, শনিবারের আগে দুই ম্যাচ খেলে দুটিতে জিতেছিল জায়ান্টস।
