বার্মিংহাম ফিনিক্সে শেয়ার কিনেছেন তারকা ফুটবলার জুড বেলিংহাম

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 3 ঘন্টা আগে আপডেট: 4 সেকেন্ড আগে
বার্মিংহাম ফিনিক্সে শেয়ার কিনেছেন তারকা ফুটবলার জুড বেলিংহাম

বার্মিংহাম ফিনিক্সে শেয়ার কিনেছেন তারকা ফুটবলার জুড বেলিংহাম

বার্মিংহাম ফিনিক্সে শেয়ার কিনেছেন তারকা ফুটবলার জুড বেলিংহাম

ইংল্যান্ডের ফুটবল তারকা জুড বেলিংহাম দ্য হান্ড্রেড টুর্নামেন্টের ফ্র্যাঞ্চাইজি বার্মিংহাম ফিনিক্সে সংখ্যালঘু অংশীদারিত্ব কিনেছেন বলে ঘোষণা দিতে যাচ্ছে ওয়ারউইকশায়ার।

গত বছর আমেরিকান বিনিয়োগ প্রতিষ্ঠান নাইটহেড ক্যাপিটাল ফ্র্যাঞ্চাইজিটির ৪৯ শতাংশ শেয়ার কিনে ওয়ারউইকশায়ারের সঙ্গে যৌথ মালিকানা প্রতিষ্ঠা করে। সম্প্রতি জানা গেছে, রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার এবং বার্মিংহামে বেড়ে ওঠা বেলিংহাম উভয় পক্ষের কাছ থেকেই সামান্য অংশীদারিত্ব কিনেছেন।

ওয়ারউইকশায়ারের সাম্প্রতিক বার্ষিক প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০২৬ সালের জানুয়ারিতে বার্মিংহাম ফিনিক্সের মোট শেয়ারের ১.২ শতাংশ এক ‘বিনিয়োগকারীর’ কাছে বিক্রি করা হয়েছে, যার মধ্যে ০.৬ শতাংশ ছিল ক্লাবের মালিকানাধীন। বেলিংহামের এই বিনিয়োগের ফলে বর্তমানে ক্লাবটির হাতে রয়েছে ৫০.৪ শতাংশ শেয়ার, আর নাইটহেডের দখলে ৪৮.৪ শতাংশ।

বেলিংহামের এই অংশীদারিত্বের মূল্য আনুমানিক ১০ লাখ পাউন্ড। প্রতিবেদনে আরও জানানো হয়, ফ্র্যাঞ্চাইজিটিতে ওয়ারউইকশায়ারের ৫১ শতাংশ মালিকানার ‘ন্যায্য মূল্য’ ধরা হয়েছে প্রায় ৪৮ মিলিয়ন পাউন্ড, যা নির্ধারণ করা হয়েছে নাইটহেডের প্রাথমিক বিনিয়োগ এবং সংখ্যাগরিষ্ঠ শেয়ারের ওপর প্রযোজ্য নিয়ন্ত্রণমূল্য বিবেচনায়।

গত বছর ফ্র্যাঞ্চাইজিগুলোর শেয়ার বিক্রির সময় ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানায়, নতুন বিনিয়োগকারীদের জন্য পাঁচ বছরের ‘লক-ইন’ সময়সীমা থাকবে। তবে বেলিংহামের বিনিয়োগটি আগেই উভয় পক্ষের মাধ্যমে অনুমোদিত থাকায় এটি কার্যকর করা হয়েছে। একই ধরনের ব্যবস্থায় সিয়াটল অরকাসের সহ-মালিকরা জানুয়ারিতে সাউদার্ন ব্রেভ ফ্র্যাঞ্চাইজিতেও সামান্য কিছু শেয়ার কিনেছেন।

বেলিংহাম তার ক্যারিয়ার শুরু করেন বার্মিংহাম সিটির একাডেমিতে, মাত্র ১৬ বছর বয়সে ক্লাবটির সর্বকনিষ্ঠ সিনিয়র খেলোয়াড় হিসেবে অভিষেক ঘটে তার। এক মৌসুম পরই প্রায় ২২.৭৫ মিলিয়ন পাউন্ডে যোগ দেন বরুসিয়া ডর্টমুন্ডে এবং ২০২৩ সালে প্রায় ৮৮ মিলিয়ন পাউন্ডে পাড়ি জমান রিয়াল মাদ্রিদে।

ওয়ারউইকশায়ার আনুষ্ঠানিকভাবে মন্তব্য না করলেও বুধবার বেলিংহামের এই বিনিয়োগের ঘোষণা দেওয়ার কথা রয়েছে।