ফাতিমা সানার নেতৃত্বে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা পাকিস্তানের

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
ফাতিমা সানার নেতৃত্বে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা পাকিস্তানের

ফাতিমা সানার নেতৃত্বে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা পাকিস্তানের

ফাতিমা সানার নেতৃত্বে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা পাকিস্তানের

ফাতিমা সানার নেতৃত্বে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে পাকিস্তান। আসন্ন আয়ারল্যান্ড ত্রিদেশীয় সিরিজ এবং ইংল্যান্ড-ওয়েলসে অনুষ্ঠিতব্য ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

২৪ বছর বয়সী ফাতিমা টানা দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন। এর আগে ২০২৪ সালে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত আসরেও অধিনায়ক ছিলেন তিনি। এবারের বিশ্বকাপ হবে তার ক্যারিয়ারের তৃতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ।

বিশ্বকাপের আগে প্রস্তুতির অংশ হিসেবে আয়ারল্যান্ডে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান। সেখানে স্বাগতিক আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ অংশ নেবে। ডাবলিনে ২৮ মে থেকে ৪ জুন পর্যন্ত চলবে এই সিরিজ। টুর্নামেন্টে পাকিস্তান খেলবে চারটি ম্যাচ।

ঘোষিত স্কোয়াডে পাঁচজন ক্রিকেটার প্রথমবারের মতো নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা পেয়েছেন। তারা হলেন আইমান ফাতিমা, নাটালিয়া পারভাইজ, রামিন শামিম, সায়রা জাবিন ও তাসমিয়া রুবাব।

সম্প্রতি জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে দারুণ একটি টি-টোয়েন্টি সিরিজ কাটিয়েছে পাকিস্তান নারী দল। করাচিতে অনুষ্ঠিত সেই সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে স্বাগতিকরা। ওই সিরিজকেই বিশ্বকাপ প্রস্তুতির গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছে দলটি।

বিশ্বকাপ শুরুর আগে দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে পাকিস্তান। ৬ জুন ডার্বিতে শ্রীলঙ্কার বিপক্ষে এবং ৯ জুন স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে তারা।

১৪ জুন বার্মিংহামে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পাকিস্তান। এরপর একই ভেন্যুতে ১৭ জুন দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে তারা। ২০ জুন সাউদাম্পটনে বাংলাদেশের বিপক্ষে খেলবে পাকিস্তান। গ্রুপ পর্বে তাদের বাকি দুই প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডস।

দুই গ্রুপ থেকে শীর্ষ দুই দল উঠবে সেমিফাইনালে। ৩০ জুন ও ২ জুলাই অনুষ্ঠিত হবে শেষ চারের ম্যাচ দুটি। আর ৫ জুলাই লর্ডসে হবে টুর্নামেন্টের ফাইনাল।

পাকিস্তানের ১৫ সদস্যের স্কোয়াড:

ফাতিমা সানা (অধিনায়ক), আলিয়া রিয়াজ, আয়েশা জাফর, ডায়ানা বেগ, আইমান ফাতিমা, গুল ফেরোজা, ইরাম জাভেদ, মুনিবা আলি সিদ্দিকী, নাশরা সান্ধু, নাটালিয়া পারভাইজ, রামিন শামিম, সাদিয়া ইকবাল, সায়রা জাবিন, তাসমিয়া রুবাব ও তুবা হাসান।