ভারত সিরিজে পেসারদের ক্লান্তি এড়াতে কিউই স্কোয়াডে ব্যাপক রদবদল

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
ভারত সিরিজে পেসারদের ক্লান্তি এড়াতে কিউই স্কোয়াডে ব্যাপক রদবদল

ভারত সিরিজে পেসারদের ক্লান্তি এড়াতে কিউই স্কোয়াডে ব্যাপক রদবদল

ভারত সিরিজে পেসারদের ক্লান্তি এড়াতে কিউই স্কোয়াডে ব্যাপক রদবদল

চলতি ভারত-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডের ফাস্ট বোলারদের কার্যভার সামলাতে বা ‘ওয়ার্কলোড ম্যানেজমেন্ট’-এর অংশ হিসেবে দলে একাধিক পরিবর্তনের ঘোষণা দিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। খেলোয়াড়দের ক্লান্তি দূর করতে এবং আসন্ন ম্যাচগুলোর জন্য প্রস্তুত রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে ক্রিকেট বোর্ডটি।

পরিকল্পনা অনুযায়ী, পেসার লকি ফার্গুসন ওয়েলিংটনে অনুষ্ঠিত হতে যাওয়া সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে খেলবেন না। রোববার তিনি সরাসরি অকল্যান্ড চলে যাবেন, যেখানে আগামী ৩০ অক্টোবর ও ১ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচে তাকে পাওয়া যাবে।

অন্যদিকে, ক্রাইস্টচার্চে প্রথম দুই ম্যাচ খেলা ম্যাট হেনরি সিরিজের বাকি তিনটি টি-টোয়েন্টিতেই বিশ্রামে থাকবেন। তিনি ক্রাইস্টচার্চেই অবস্থান করবেন এবং ৪ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া ভারত-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে ম্যাচের আগে অকল্যান্ডে দলের সাথে যোগ দেবেন।

প্রথম দুই টি-টোয়েন্টিতে না খেলা কাইল জেমিসন ওয়েলিংটনে তৃতীয় ম্যাচের জন্য দলের সাথে সফর করবেন। তবে এরপর তিনি ওয়েলিংটনেই থেকে যাবেন এবং আগামী ৩১ অক্টোবর কান্টারবেরির হয়ে ওয়েলিংটনের বিরুদ্ধে ফোর্ড ট্রফির দ্বিতীয় রাউন্ডের ম্যাচে অংশ নেবেন। ওয়ানডে সিরিজের আগে তিনি অকল্যান্ডের উদ্দেশ্যে রওনা হবেন।

এছাড়া স্কোয়াডের গভীরতা বাড়াতে ব্লেয়ার টিকনারকে শেষ তিনটি টি-টোয়েন্টির জন্য ওয়েলিংটনে দলে নেওয়া হয়েছে। অকল্যান্ডে শেষ দুই টি-টোয়েন্টির জন্য স্কোয়াডে যোগ দেবেন জশ ক্লার্কসন। অন্যদিকে, তৃতীয় টি-টোয়েন্টিতে পেসারদের কভার হিসেবে স্কোয়াডের সাথে ভ্রমণ করবেন ম্যাট ফিশার। ম্যাচ শেষেই তিনি ইন্ডিয়া ‘এ’ দলের বিরুদ্ধে দ্বিতীয় চারদিনের ম্যাচের প্রস্তুতি নিতে নিউজিল্যান্ড ‘এ’ দলে ফিরে যাবেন।

উল্লেখ্য, ক্রাইস্টচার্চে প্রথম দুটি টি-টোয়েন্টিতেই নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে বর্তমানে ৫ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষে দুই দল পাঁচটি ওয়ানডে এবং দুটি টেস্ট ম্যাচে মুখোমুখি হবে।