গ্লোবাল সুপার লিগে ইমনদের লাহোর কালান্দার্সের জয় দিয়ে সূচনা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
গ্লোবাল সুপার লিগে ইমনদের লাহোর কালান্দার্সের জয় দিয়ে সূচনা

গ্লোবাল সুপার লিগে ইমনদের লাহোর কালান্দার্সের জয় দিয়ে সূচনা

গ্লোবাল সুপার লিগে ইমনদের লাহোর কালান্দার্সের জয় দিয়ে সূচনা

গ্লোবাল সুপার লিগের উদ্বোধনী ম্যাচে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে জয় দিয়ে আসর শুরু করেছে লাহোর কালান্দার্স। রোমাঞ্চকর এই ম্যাচে পার্থ স্কোর্চার্স একাদশকে ১৬ রানের ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টে শুভসূচনা করল দলটি। 

লাহোরের জয়ে উইকেটের চারপাশে রানের তাণ্ডব চালিয়ে মূল কারিগরের ভূমিকা পালন করেন ব্যাটার শায়ান জাহাঙ্গীর ও ফারহান ইউসুফ। বাংলাদেশ জাতীয় দলের তরুণ উইকেটকিপার-ব্যাটার পারভেজ হোসেন ইমন এই ম্যাচে কালান্দার্সের একাদশে সুযোগ পেয়েছিলেন এবং গ্লাভস হাতে স্টাম্পের পেছনে দায়িত্বশীল ভূমিকা পালন করেন।

ম্যাচে টসে জিতে প্রথমে লাহোর কালান্দার্সকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় পার্থ স্কোর্চার্স একাদশ। ব্যাটিংয়ে নেমে শুরুতেই উদ্বোধনী ব্যাটার শামিল হোসেন ৪ রানে বিদায় নিলে কিছুটা চাপে পড়ে লাহোর। তবে একপ্রান্ত আগলে রেখে দ্রুত রান তুলতে থাকেন অপর ওপেনার শায়ান জাহাঙ্গীর। তিনি ৪৫ বলে ৮টি চার ও ৩টি ছক্কার সাহায্যে দৃষ্টিনন্দন ৬৫ রানের ইনিংস উপহার দেন। তিন নম্বরে নামা আবদুল্লাহ শফিক করেন ১২ রান।

চার নম্বরে ব্যাট করতে নেমেছিলেন বাংলাদেশের উইকেটকিপার-ব্যাটার পারভেজ হোসেন ইমন। তবে এদিন ব্যাট হাতে নিজের সেরাটা দিতে পারেননি তিনি। ৯ বল মোকাবিলা করে মাত্র ৩ রান করে ডার্সি শর্টের বলে অ্যাশটন টার্নারের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন ইমন। 

এরপর মিডল অর্ডারে অধিনায়ক মাইকেল ব্রেসওয়েল ১০ রান করে বিদায় নিলেও শেষ দিকে ফারহান ইউসুফের তাণ্ডবে বড় সংগ্রহের ভিত্তি পায় লাহোর। ফারহান মাত্র ২৩ বলে ৩টি চার ও ৫টি ছক্কায় ঝড়ো ৫০ রান করেন। শেষ দিকে উসামা মীরের ৩ বলে ৯ রানের ক্যামিওতে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭১ রানের শক্ত পুঁজি দাঁড় করায় লাহোর কালান্দার্স। পার্থের হয়ে ঝাই রিচার্ডসন ৩৭ রানে ৩টি এবং ব্রোডি কাউচ ২৯ রানে ২টি উইকেট শিকার করেন।

১৭২ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে পার্থের পক্ষে ওপেনার আন্দ্রে ফ্লেচার ২২ বলে ৩৫ রান করে দলকে ভালো সূচনা এনে দেন। এরপর উসমান খান ৩২ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ৪১ রান করে লড়াই চালিয়ে যান। শেষ দিকে ডিয়ান ফরেস্টার ২৩ রান করলেও লাহোরের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৫ রানেই আটকে যায় পার্থ স্কোর্চার্স একাদশ।