শাদাবের পারফরম্যান্সেই জবাব চান আফ্রিদি
৯৭ প্রতিবেদক: মোহাম্মদ আফজল
প্রকাশ: 3 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
শাদাবের পারফরম্যান্সেই জবাব চান আফ্রিদি
শাদাবের পারফরম্যান্সেই জবাব চান আফ্রিদি
ভারত–পাকিস্তান ম্যাচ মানেই একসময় ছিল টানটান উত্তেজনার প্রতীক। তবে রাজনৈতিক বৈরিতার কারণে প্রায় দেড় যুগ ধরে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ। এখন দুই দলের দেখা হয় কেবল আঞ্চলিক কিংবা বৈশ্বিক টুর্নামেন্টে। আর সেই মঞ্চে সাম্প্রতিক সময়ের চিত্রে স্পষ্ট ভারতের একচ্ছত্র আধিপত্য।
চলতি টি ২০ বিশ্বকাপেও ব্যতিক্রম হয়নি। ভারতের করা ১৭৫ রানের জবাবে পাকিস্তান গুটিয়ে যায় মাত্র ১১৪ রানে। ৬১ রানের বড় ব্যবধানে জয় তুলে নিয়ে ভারত তাদের জয়ের ধারাবাহিকতা বজায় রাখে। বড় ম্যাচে এমন আত্মসমর্পণে হতাশ পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটাররা।
কড়া সমালোচনায় সরব হয়েছেন সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। সে সময় শহীদ আফ্রিদি বলেছিলেন, 'আমার যদি সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকলে শাহীন, বাবর ও শাদাব—তিনজনকেই বসিয়ে দিতাম। নতুন ছেলেদের খেলাতাম, তাদের আত্মবিশ্বাস দিতাম। একই খেলোয়াড়দের বারবার সুযোগ দিয়ে লাভ কী, যদি তারা বড় ম্যাচে পারফর্মই না করে?'
আফ্রিদির এমন মন্তব্যের জবাব দেন বর্তমান অলরাউন্ডার শাদাব খান। বিষয়টি ঘিরে শুরু হয় আলোচনা ও বিতর্ক।
সামা টিভিকে দেওয়া সাক্ষাৎকারে আফ্রিদি বলেন, ' শাদাব একদম ঠিক বলেছে যে আমরা ভারতকে বিশ্বকাপে হারাতে পারিনি। ওদের দল একবার হারিয়েছে। হারানোর পর ওরা সম্মানও পেয়েছে। কিন্তু সেটা ওরা ধরে রাখতে পারেনি। ভারতকে হারানোর পর নিজেদের মধ্যে সমস্যা সামলাতে পারেনি ওরা। শাদাবের এটাও মনে রাখা উচিত, যখন সে দলের জন্য পারফর্ম করতে পারছিল না, তখন আমরা জাতীয় টেলিভিশনে ওর পাশে দাঁড়িয়ে বলেছি যে, এই ছেলেটা দলের মেরুদন্ড।'
তিনি আরও বলেন, 'শাদাবকে আমি খুব ভালো করে চিনি। ও ছেলে ভালো। এমনিতে সবসময় আমাদেরকে সম্মান দিয়েই কথা বলে। আমাদের সময় যখন লোকে সমালোচনা করত, তখন আমরা মাঠে পারফর্ম করেই জবাব দিতাম। ছোট দলের বিপক্ষে নয়, বড় দলের বিপক্ষেই পারফর্ম করতাম।'
সবশেষে শাদাবকে সরাসরি বার্তা দিয়ে আফ্রিদি বলেন, ' কাজেই শাদাব বেটা, আপনিও পারফরম্যান্স দেখাও! পারফর্ম করে দেখাও বেটা! তোমার কঠিন সময়ে আমরা পাশে থেকেছি। ঘরোয়া ক্রিকেট না খেলেও জাতীয় দলে এসেছো। আমাদেরকে জবাব দিতে চাইলে মাঠে পারফরম্যান্স করে জবাব দাও। পারফর্ম করে বিশ্বকাপ শেষ হতে দাও, আমরা চুপ করে যাব।'
সব মিলিয়ে, ভারতের বিপক্ষে বড় হারের পর পাকিস্তান দলে চাপ যেমন বেড়েছে, তেমনি বেড়েছে সমালোচনার সুরও। তবে আফ্রিদির মতে, এই সমালোচনার একমাত্র জবাব মিলবে মাঠের পারফরম্যান্সেই।
