মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধ স্বীকার করলেন ডেভিড ওয়ার্নার

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধ স্বীকার করলেন ডেভিড ওয়ার্নার

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধ স্বীকার করলেন ডেভিড ওয়ার্নার

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধ স্বীকার করলেন ডেভিড ওয়ার্নার

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর মামলায় নিজের দোষ স্বীকার করে নিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। সিডনির স্থানীয় একটি আদালতে ওয়ার্নারের আইনজীবী ববি হিল এই অপরাধ স্বীকার করার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। 

গাড়ি চালিয়ে বাড়ি ফেরার পথে সিডনির পূর্বাঞ্চলীয় শহরতলি মারুত্রায় পুলিশি পরীক্ষার মুখে পড়েছিলেন ৩৯ বছর বয়সী এই ওপেনার। র্যান্ডম ব্রেথ টেস্টের ঠিক আগেই তিনি নিজের গাড়িটি থামিয়ে দেন। পরবর্তীতে মারুত্রা পুলিশ স্টেশনে দ্বিতীয় দফায় পরীক্ষায় তার রক্তে অ্যালকোহলের মাত্রা পাওয়া যায় ০.১০৪, যা অস্ট্রেলিয়ায় গাড়ি চালানোর আইনি সীমার চেয়ে দ্বিগুণেরও বেশি।

ঘটনার বিস্তারিত জানিয়ে আদালতে ওয়ার্নারের প্রতিনিধি হিল বলেন, সে রাতে উবার না ডেকে নিজের গাড়িতে চড়ে বাড়ি ফেরার সিদ্ধান্তটি ছিল অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন ও বোকামিপূর্ণ। ওয়ার্নার তার ভুলের গুরুত্ব অনুধাবন করে পুরোপুরি লজ্জিত এবং তিনি নিঃশর্তভাবে নিজের ভুল স্বীকার করে নিয়েছেন। 

আগামী আগস্টে এই মামলার চূড়ান্ত সাজা ঘোষণা করবে সিডনি আদালত। নিউ সাউথ ওয়েলসের ট্রাফিক আইন অনুযায়ী প্রথমবার এ ধরনের অপরাধের ক্ষেত্রে ওয়ার্নারকে মোটা অঙ্কের অর্থদণ্ডের পাশাপাশি দীর্ঘদিনের জন্য গাড়ি চালনায় নিষেধাজ্ঞা এমনকি সর্বোচ্চ ৯ মাস পর্যন্ত কারাদণ্ডের সম্মুখীন হতে হতে পারে।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে ২০২৪ সালে বিদায় নিলেও এখনও বিগ ব্যাশ লিগে (বিবিএল) সক্রিয় রয়েছেন ডেভিড ওয়ার্নার। তবে মদ্যপ অবস্থায় ড্রাইভ করার এই ঘটনা তার বর্তমান ফ্র্যাঞ্চাইজি দল সিডনি থান্ডারের অধিনায়কত্বকেও বড় ধরনের হুমকির মুখে ফেলে দিয়েছে। কারণ ক্রিকেট নিউ সাউথ ওয়েলস দীর্ঘদিন ধরেই সড়ক নিরাপত্তা নিয়ে বিভিন্ন সচেতনতামূলক প্রচারাভিযানের সাথে যুক্ত।