বৈভব সূর্যবংশীর বিধ্বংসী সেঞ্চুরিতে ভারতের ষষ্ঠ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শিরোপা

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
বৈভব সূর্যবংশীর বিধ্বংসী সেঞ্চুরিতে ভারতের ষষ্ঠ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শিরোপা

বৈভব সূর্যবংশীর বিধ্বংসী সেঞ্চুরিতে ভারতের ষষ্ঠ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শিরোপা

বৈভব সূর্যবংশীর বিধ্বংসী সেঞ্চুরিতে ভারতের ষষ্ঠ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শিরোপা

মাত্র ১৪ বছর বয়সী বৈভব সূর্যবংশীর ব্যাটে ভর করে ইংল্যান্ডকে একপেশে ভাবে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা জিতেছে ভারত।

জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাবে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক আয়ুষ মাথরে। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ৪১১ রান তোলে ভারত, যা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ। দলের এই বিশাল স্কোরের মূল কারিগর ছিলেন বৈভব সূর্যবংশী, যিনি খেলেন মাত্র ৮০ বলে বিধ্বংসী ১৭৫ রানের ইনিংস।

জবাবে ব্যাট করতে নেমে ৪০.২ ওভারে ৩১১ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ড। ক্যালেব ফ্যালকনার ৬৭ বলে ১১৫ রানের লড়াকু ইনিংস খেললেও লক্ষ্যে পৌঁছানো সম্ভব হয়নি ইংলিশদের।

চতুর্থ ওভারেই ওপেনার অ্যারন জর্জকে হারালেও শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ভারত। প্রথমদিকে কিছুটা দেখেশুনে খেললেও দ্রুতই গিয়ার বদলান বৈভব। মাত্র ৩২ বলে টুর্নামেন্টে নিজের চতুর্থ হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। এরপর আরও ২৩ বলে তুলে নেন নিজের প্রথম অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ সেঞ্চুরি।

৫৫ বলে করা এই শতক অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম। এর আগে চলতি আসরে জাপানের বিপক্ষে অস্ট্রেলিয়ার উইল মালাজচুক ৫১ বলে সেঞ্চুরি করেছিলেন। বৈভব ৭১ বলে দেড়শ রানের মাইলফলক ছুঁয়ে ফেলেন এবং যুব ওয়ানডেতে প্রথম ডাবল সেঞ্চুরির পথে এগোচ্ছিলেন, তবে ২৬তম ওভারে ম্যানি লামসডেনের বলে কিপারের হাতে ধরা পড়েন।

তার ইনিংসে ছিল ১৫টি ছক্কা ও ১৫টি চার একটি যুব ওয়ানডে ম্যাচে যা সর্বোচ্চ ছক্কার রেকর্ড। শুধু বাউন্ডারি থেকেই আসে তার ১৫০ রান। একই সঙ্গে বয়সভিত্তিক ক্রিকেটে ১০০টির বেশি ছক্কা হাঁকানো প্রথম ব্যাটার হিসেবেও ইতিহাস গড়েন বৈভব।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে এর আগে সর্বোচ্চ ব্যক্তিগত রান ছিল ২০১২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের উন্মুক্ত চাঁদের করা ১১১। বৈভবের এই ইনিংস সেই রেকর্ড ভেঙে দেয় এবং এটি ফাইনালে হওয়া মাত্র ষষ্ঠ সেঞ্চুরি।

অন্য প্রান্তে অধিনায়ক আয়ুষ মাথরে ৫১ বলে ৫৩ রান করে দারুণ সঙ্গ দেন বৈভবকে। ভেদান্ত ত্রিবেদী করেন ৩৬ বলে ৩২ রান। বৈভব আউট হওয়ার সময় ভারতের স্কোর ছিল ৩ উইকেটে ২৫১ রান। এরপর বিহান মালহোত্রা, অভিগ্যান কুন্ডু, আরএস অম্ব্রিশ ও কানিশক চৌহান কার্যকর ইনিংস খেললে ভারতের সংগ্রহ পৌঁছে যায় ৪১১ রানে।

বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। ওপেনার বেন ডকিন্স করেন ৬৬ রান, বেন মেইস খেলেন ৪৫ রানের ঝোড়ো ইনিংস। যদিও মেইস ৪৪৪ রান নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক হিসেবে শেষ করেন, যা বৈভবের চেয়ে পাঁচ রান বেশি।

ভারতের হয়ে হেনিল প্যাটেল ছাড়া বাকি সব বোলারই উইকেটের দেখা পান। আরএস অম্ব্রিশ ৩ উইকেটে ৫৬ রান দিয়ে ছিলেন সবচেয়ে সফল বোলার।

এই জয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের শিরোপা সংখ্যা দাঁড়াল ছয়টিতে। এর মাধ্যমে ইতিহাসের দ্বিতীয় সফল দল অস্ট্রেলিয়ার চেয়ে দুই শিরোপা এগিয়ে গেল ভারত।