৫ উইকেটের ঝড়ে পাকিস্তান বিধ্বস্ত, তবু নিজেকে ব্র্যান্ড মানেন না নাহিদ

৯৭ প্রতিবেদক: মোহাম্মদ আফজল

প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
৫ উইকেটের ঝড়ে পাকিস্তান বিধ্বস্ত, তবু নিজেকে ব্র্যান্ড মানেন না নাহিদ

৫ উইকেটের ঝড়ে পাকিস্তান বিধ্বস্ত, তবু নিজেকে ব্র্যান্ড মানেন না নাহিদ

৫ উইকেটের ঝড়ে পাকিস্তান বিধ্বস্ত, তবু নিজেকে ব্র্যান্ড মানেন না নাহিদ

পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ে ম্যাচ জেতানোর পরও নিজেকে কোনো ‘ব্র্যান্ড’ হিসেবে দেখতে চান না বল হাতে বাংলাদেশের গতির নায়ক নাহিদ রানা। ক্যারিয়ারের সেরা বোলিং করে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকলেও সংবাদ সম্মেলনে তার কণ্ঠে ছিল বিনয় আর সরলতা।

মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। সেই জয়ের নায়ক নাহিদ রানা। ৭ ওভারের স্পেলে মাত্র ২৪ রান দিয়ে ৫ উইকেট নিয়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপকে একাই ধসিয়ে দেন এই ডানহাতি পেসার।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তাকে প্রশ্ন করা হয়েছিল পাকিস্তানের শোয়েব আখতার যেমন ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ আর বাংলাদেশের মাশরাফি বিন মুর্তজা ‘নড়াইল এক্সপ্রেস’ নামে পরিচিত ছিলেন, তেমনি কি তাকে ‘চাঁপাই এক্সপ্রেস’ বলা হবে?

এমন প্রশ্নে বিনয়ী উত্তর দেন নাহিদ।

তার ভাষায়, “আমি নিজেকে কোনো ব্র্যান্ড মনে করি না। আমি নিজেকে একটা সাধারণ মানুষ মনে করি। চেষ্টা করি কীভাবে ভালো ভালো পারফরম্যান্স দিতে পারি।”

ম্যাচে তার বোলিং ছিল সত্যিই আগুনঝরা। টস হেরে আগে ব্যাট করতে নেমে পাকিস্তান প্রথম ৯ ওভারে উইকেট না হারালেও এরপরই দৃশ্যপট বদলে দেন নাহিদ। তার গতি আর বাউন্সারে দিশেহারা হয়ে পড়ে সফরকারীদের ব্যাটিং লাইনআপ। শেষ পর্যন্ত মাত্র ১১৪ রানেই গুটিয়ে যায় পাকিস্তান।

নাহিদ জানান, ম্যাচে বোলিংয়ের আগে সিনিয়র পেসারদের কাছ থেকেই উইকেট সম্পর্কে ধারণা পেয়েছিলেন।

তিনি বলেন, “শুরুতে মোস্তাফিজ ভাই ও তাসকিন ভাই বোলিং করছিল। তাদের সঙ্গে কথা বলছিলাম যে উইকেট কেমন আচরণ করছে। তারা বলল উইকেটে হিট করলে বা একটা জায়গায় লাইন ও লেন্থ ঠিক রাখলে ব্যাটসম্যানদের জন্য কঠিন হবে। আমি শুধু সেটা মাঠে প্রয়োগ করার চেষ্টা করেছি।”

ক্যারিয়ারের শুরু থেকেই গতির জন্য আলোচনায় থাকা এই পেসার অবশ্য মনে করেন আন্তর্জাতিক ক্রিকেটে শুধু গতি নয়, স্কিলই আসল বিষয়।

নাহিদের মতে, “গতি নিয়ে আমি খুব একটা চিন্তা করি না। কারণ আন্তর্জাতিক ক্রিকেটে গতির চেয়ে স্কিল বেশি গুরুত্বপূর্ণ। তাই আমি স্কিলের দিকেই বেশি কাজ করার চেষ্টা করছি।”

ওয়ানডেতে নিয়মিত সুযোগ না পেলেও এবার নিজের জায়গা পাকা করতে চান নাহিদ রানা। আর সেটির জন্য তার লক্ষ্য একটাই নিজের সামর্থ্য অনুযায়ী ধারাবাহিক পারফরম্যান্স করা।