বিপিএলে দুর্নীতির অভিযোগে একাধিক ব্যক্তি অভিযুক্ত, সাময়িক নিষেধাজ্ঞা বিসিবির
বিপিএলে দুর্নীতির অভিযোগে একাধিক ব্যক্তি অভিযুক্ত, সাময়িক নিষেধাজ্ঞা বিসিবির
বিপিএলে দুর্নীতির অভিযোগে একাধিক ব্যক্তি অভিযুক্ত, সাময়িক নিষেধাজ্ঞা বিসিবির
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টির ১২তম আসরকে ঘিরে দুর্নীতি, বেটিং কার্যক্রম এবং তদন্তে অসহযোগিতার অভিযোগে কয়েকজন খেলোয়াড়, দলীয় কর্মকর্তা ও ফ্র্যাঞ্চাইজি সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বিসিবি। বোর্ডের ইন্টেগ্রিটি ইউনিট (বিসিবিআইইউ) তদন্ত শেষে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুর্নীতি দমন বিধিমালার বিভিন্ন ধারা ভঙ্গের অভিযোগ আনে সংশ্লিষ্টদের বিরুদ্ধে।
অভিযুক্তদের মধ্যে রয়েছেন দলীয় ম্যানেজার মো. লাবলুর রহমান ও রেজওয়ান কবির সিদ্দিক, ফ্র্যাঞ্চাইজির সহ-মালিক মো. তৌহিদুল হক তৌহিদ এবং ঘরোয়া ক্রিকেটার অমিত মজুমদার।
লাবলুর রহমান ও তৌহিদের বিরুদ্ধে তদন্তে সহযোগিতা না করা, ডিমান্ড নোটিশের জবাব না দেওয়া এবং প্রাসঙ্গিক তথ্য বা যোগাযোগ গোপন কিংবা মুছে ফেলার অভিযোগ আনা হয়েছে। আইসিসির দুর্নীতি দমন বিধিমালার ২.৪.৬ ও ২.৪.৭ ধারায় তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
অন্যদিকে অমিত মজুমদার ও রেজওয়ান কবির সিদ্দিকের বিরুদ্ধে ক্রিকেট ম্যাচের ফলাফল, অগ্রগতি বা অন্যান্য বিষয়ে বাজি ধরার অভিযোগ আনা হয়েছে। তাদের বিরুদ্ধে ২.২.১ ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।
অভিযুক্ত প্রত্যেককে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। অভিযোগপত্র পাওয়ার পর ১৪ দিনের মধ্যে তাদের জবাব দেওয়ার সুযোগ রাখা হয়েছে। এ বিষয়ে আপাতত আর কোনো মন্তব্য করবে না বলেও জানিয়েছে বিসিবি।
এছাড়া একাধিক বিপিএল আসরজুড়ে দুর্নীতির অভিযোগে সামিনুর রহমানের বিরুদ্ধে ‘এক্সক্লুশন অর্ডার’ জারি করেছে বিসিবি। তদন্তে তার বিরুদ্ধে খেলোয়াড় ও এজেন্টদের কাছে দুর্নীতিমূলক প্রস্তাব দেওয়া, দেশি-বিদেশি বেটিং চক্রের সঙ্গে যোগাযোগ রাখা এবং ম্যাচে দুর্নীতিমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ উঠে আসে।
বিসিবির এক্সক্লুডেড পারসন পলিসির আওতায় সামিনুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তিনি জবাব দেওয়ার অধিকার পরিত্যাগ করে নিষেধাজ্ঞা মেনে নিয়েছেন।
