বৃষ্টিতে ভেসে গেল ম্যাচ, ২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলার আশা শেষ আয়ারল্যান্ডের

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
বৃষ্টিতে ভেসে গেল ম্যাচ, ২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলার আশা শেষ আয়ারল্যান্ডের

বৃষ্টিতে ভেসে গেল ম্যাচ, ২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলার আশা শেষ আয়ারল্যান্ডের

বৃষ্টিতে ভেসে গেল ম্যাচ, ২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলার আশা শেষ আয়ারল্যান্ডের

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সম্ভাবনা হারিয়েছে আয়ারল্যান্ড। ব্রেডিতে অনুষ্ঠিত ম্যাচটি টসও না হয়েছে পরিত্যক্ত ঘোষণা করা হয়।

বর্তমানে আইসিসি পুরুষদের ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ১২তম স্থানে থাকা আয়ারল্যান্ডের সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিতে হলে আফগানিস্তানকে পাঁচ ম্যাচের সিরিজে ৫-০ ব্যবধানে হারানোর পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজকে ভারতের বিপক্ষে দুই ম্যাচের ওয়ানডে সিরিজে হারতে হতো। আগামী ৩০ সেপ্টেম্বরের কাট-অফের আগে এই সমীকরণ মিললেই কেবল জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানকে পেছনে ফেলে সরাসরি বিশ্বকাপ নিশ্চিত করতে পারত আইরিশরা। তবে প্রথম ম্যাচই পরিত্যক্ত হওয়ায় সেই সম্ভাবনার ইতি ঘটেছে।

ফলে এখন ২০২৭ বিশ্বকাপে খেলতে হলে আয়ারল্যান্ডকে খেলতে হবে ১০ দলের বিশ্বকাপ বাছাইপর্ব। এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল সরাসরি বিশ্বকাপের মূল পর্বে জায়গা পাবে। অন্যদিকে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ হওয়া দলগুলো খেলবে ‘সুপার সিরিজ’ নামে পরিচিত বিশ্বকাপের প্রথম ধাপে। সেখানে শীর্ষে থাকা দলটি মূল ১২ দলের বিশ্বকাপে খেলার শেষ টিকিট নিশ্চিত করবে।

১০ দলের এই বাছাইপর্বে অংশ নেবে ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে বাদে সবচেয়ে নিচে থাকা দুটি পূর্ণ সদস্য দেশ। এছাড়া থাকবে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ–২-এর শীর্ষ চার দল এবং বিশ্বকাপ কোয়ালিফায়ার প্লে-অফ থেকে উঠে আসা চারটি দল।

কোয়ালিফায়ার প্লে-অফে খেলবে লিগ–২-এর তলানির চার দল ও চ্যালেঞ্জ লিগের চার দল। আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটের তৃতীয় স্তরের এই প্রতিযোগিতা থেকে মোট চারটি দল বিশ্বকাপ বাছাইপর্বে উন্নীত হবে। যদিও প্লে-অফের চূড়ান্ত ফরম্যাট এখনও নির্ধারণ করা হয়নি।

চ্যালেঞ্জ লিগে থাকবে ১২টি দল, যারা ৬টি করে দুটি গ্রুপে বিভক্ত থাকবে। পুরো চক্রে প্রতিটি গ্রুপ তিনটি রাউন্ড-রবিন টুর্নামেন্ট খেলবে। দুই গ্রুপের শীর্ষ দুটি করে মোট চারটি দল প্লে-অফে জায়গা করে নেবে।

উল্লেখ্য, আয়ারল্যান্ড ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপেও খেলতে পারেনি। সেবার বিশ্বকাপ বাছাইপর্বের সুপার সিক্স পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল আইরিশদের।