দক্ষিণ আফ্রিকার পেস তোপে গুঁড়িয়ে বাংলাদেশ ইমার্জিং, শুরুতেই হার ত্রিদেশীয় সিরিজে

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
দক্ষিণ আফ্রিকার পেস তোপে গুঁড়িয়ে বাংলাদেশ ইমার্জিং, শুরুতেই হার ত্রিদেশীয় সিরিজে

দক্ষিণ আফ্রিকার পেস তোপে গুঁড়িয়ে বাংলাদেশ ইমার্জিং, শুরুতেই হার ত্রিদেশীয় সিরিজে

দক্ষিণ আফ্রিকার পেস তোপে গুঁড়িয়ে বাংলাদেশ ইমার্জিং, শুরুতেই হার ত্রিদেশীয় সিরিজে

প্রত্যাশিত শুরুটা হলো না বাংলাদেশ ইমার্জিং দলের। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে ব্যাটিং বিপর্যয়ের ধাক্কা আর সামলাতে পারেনি সফরকারীরা। স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে ৭ উইকেটের পরাজয় দিয়ে টুর্নামেন্টে যাত্রা শুরু করেছে বাংলাদেশ।

প্রিটোরিয়ায় টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার পেসার দায়ান গালিমের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ব্যাটাররা একের পর এক উইকেট হারাতে থাকেন। মাত্র ৩০.২ ওভারে ৮৯ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।

ব্যাট হাতে লড়াই করেন কেবল ওপেনার মাহফিজুল ইসলাম। ৭৩ বলে ৫টি চারের সাহায্যে দলের সর্বোচ্চ ৪০ রান করেন তিনি। এছাড়া আমিনুল ইসলাম বিপ্লব ১১ ও সামিউন বাশির ১০ রান যোগ করেন। বাকি কোনো ব্যাটার দুই অঙ্কে পৌঁছাতে পারেননি। অতিরিক্ত থেকেই আসে ১১ রান।

স্বাগতিকদের হয়ে দুর্দান্ত বোলিং করেন দায়ান গালিম। ৮.২ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন তিনি। আন্দিলে মোগাকানে নেন ২টি উইকেট, আর বায়ান্দা মাজোলা, জানকো স্মিত ও ক্যালেব সেলেকা প্রত্যেকে একটি করে উইকেট তুলে নেন।

মাত্র ৯০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় দক্ষিণ আফ্রিকা। ইনিংসের প্রথম ওভারেই ইকবাল হোসেন ইমন প্রথম উইকেট তুলে নেন। এরপর পাওয়ার প্লের মধ্যেই ড্যানিয়েল স্মিথকে ২২ রানে এবং পরে মোদিরি লিথেকোকে ১৪ রানে ফেরান চৌধুরি মোহাম্মদ রিজওয়ান। তাতে ৩৭ রানে ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে স্বাগতিকরা।

তবে চতুর্থ উইকেটে রিচার্ড সেলেৎসওয়ানে ও মিচেল ভ্যান বুরেন আর কোনো সুযোগ দেননি। দুজনের অবিচ্ছিন্ন ৫৩ রানের জুটিতে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। সেলেৎসওয়ানে ৪০ বলে ৫ চার ও ১ ছক্কায় অপরাজিত ৩৫ এবং ভ্যান বুরেন ২২ বলে ১৮ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের হয়ে রিজওয়ান দুটি ও ইমন একটি উইকেট নেন।

আগামী ৩ আগস্ট টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইউনিভার্সিটি স্পোর্টস দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ ইমার্জিং দল। ডাবল রাউন্ড-রবিন পদ্ধতিতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল ১২ আগস্ট প্রিটোরিয়ার টুকস ওভালে অনুষ্ঠেয় ফাইনালে জায়গা করে নেবে।

এই ত্রিদেশীয় সিরিজ শেষে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে দুটি চার দিনের ম্যাচও খেলবে বাংলাদেশ ইমার্জিং দল। প্রথম ম্যাচটি হবে ১৬-১৯ আগস্ট পচেফস্ট্রুমের জেবি মার্কস ওভালে, আর দ্বিতীয় ও শেষ ম্যাচ ২৩-২৬ আগস্ট বেনোনির উইলোমুর পার্কে।