হেটমায়ারের প্রত্যাবর্তন, শ্রীলঙ্কা সিরিজের ওয়ানডে দলে আলজারি জোসেফও

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 50 মিনিট আগে আপডেট: 6 মিনিট আগে
হেটমায়ারের প্রত্যাবর্তন, শ্রীলঙ্কা সিরিজের ওয়ানডে দলে আলজারি জোসেফও

হেটমায়ারের প্রত্যাবর্তন, শ্রীলঙ্কা সিরিজের ওয়ানডে দলে আলজারি জোসেফও

হেটমায়ারের প্রত্যাবর্তন, শ্রীলঙ্কা সিরিজের ওয়ানডে দলে আলজারি জোসেফও

আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে দলে ফেরানো হয়েছে শিমরন হেটমায়ারকে। শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত ওয়েস্ট ইন্ডিজ দলে জায়গা পেয়েছেন এই বাঁহাতি ব্যাটার। চোট কাটিয়ে দলে ফিরেছেন পেসার আলজারি জোসেফও।

গত বছরের জুনে ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন হেটমায়ার। এরপর পাকিস্তান, বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের শেষ তিনটি ওয়ানডে সিরিজে তিনি ছিলেন না। তবে ৩ জুন শুরু হওয়া শ্রীলঙ্কা সিরিজের শেষ ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দেবেন তিনি।

চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ ছন্দে ছিলেন হেটমায়ার। ৪১.৩৩ গড়ে ও ১৮৬.৪৬ স্ট্রাইক রেটে ২৪৮ রান করেছিলেন তিনি। যদিও আইপিএল ২০২৬-এ রাজস্থান রয়্যালসের হয়ে সাত ইনিংসে মাত্র ৭৮ রান করেন।

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) এক বিবৃতিতে জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপে হেটমায়ারের পারফরম্যান্স বিবেচনায় তাকে আবার ওয়ানডে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। ২০২৭ সালের ৫০ ওভারের বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবেই এই সিদ্ধান্ত।

এদিকে পিঠের চোট কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন আলজারি জোসেফ। গত বছর অস্ট্রেলিয়ার সফরের পর আর আন্তর্জাতিক ম্যাচ খেলেননি তিনি। ওয়ানডে দলে ফিরেছেন আরেক পেসার শামার জোসেফও। তাদের সঙ্গে জেডেন সিলসের কাজের চাপ সতর্কতার সঙ্গে ব্যবস্থাপনা করা হবে বলে জানিয়েছে সিডব্লিউআই।

নিউজিল্যান্ড সফর মিস করা বাঁহাতি স্পিনার গুডাকেশ মোতিও ফিরেছেন দলে। অন্যদিকে নিউজিল্যান্ড সফরের দলে থাকা অ্যালিক আথানাজে, জোহান লেইন, খারি পিয়েরে ও রোমারিও শেফার্ড জায়গা হারিয়েছেন।

সাম্প্রতিক সময়ে ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের পারফরম্যান্স খুব একটা ভালো নয়। শেষ ছয় ম্যাচের পাঁচটিতেই হেরেছে তারা, একমাত্র জয়টি এসেছে বাংলাদেশের বিপক্ষে সুপার ওভারে। তবে ২০২৩ সালের পর থেকে ঘরের মাঠে টানা চারটি ওয়ানডে সিরিজ জিতেছে ক্যারিবীয়রা।

বর্তমানে আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ১০ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজ ২০২৭ বিশ্বকাপের সরাসরি যোগ্যতা অর্জনের লড়াইয়ে রয়েছে। স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের সঙ্গে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল সরাসরি বিশ্বকাপে খেলবে।

জামাইকায় ৩, ৬ ও ৮ জুন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে। এরপর একই ভেন্যুতে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল। সিরিজের শেষ ভাগে অ্যান্টিগায় অনুষ্ঠিত হবে দুটি টেস্ট।

ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে স্কোয়াড:

শাই হোপ (অধিনায়ক ও উইকেটরক্ষক), আকিম অগাস্টে, জন ক্যাম্পবেল, কিসি কার্টি, রোস্টন চেজ, ম্যাথিউ ফোর্ড, জাস্টিন গ্রিভস, শিমরন হেটমায়ার, আমির জানগু, আলজারি জোসেফ, শামার জোসেফ, গুডাকেশ মোতি, শেরফেন রাদারফোর্ড, জেডেন সিলস ও শামার স্প্রিংগার।