মামলা থেকে নাম সরাতে এক কোটি টাকা দাবি, বিস্ফোরক অভিযোগ সাকিবের

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
মামলা থেকে নাম সরাতে এক কোটি টাকা দাবি, বিস্ফোরক অভিযোগ সাকিবের

মামলা থেকে নাম সরাতে এক কোটি টাকা দাবি, বিস্ফোরক অভিযোগ সাকিবের

মামলা থেকে নাম সরাতে এক কোটি টাকা দাবি, বিস্ফোরক অভিযোগ সাকিবের

একদিকে মাঠের বাইরে মামলা আর রাজনৈতিক বিতর্ক, অন্যদিকে আবার জাতীয় দলে ফেরার স্বপ্ন সব মিলিয়ে দীর্ঘ সময় পর নিজের জীবনের সবচেয়ে স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে মুখ খুললেন সাকিব আল হাসান। দেশের বর্তমান পরিস্থিতি, নিজের বিরুদ্ধে হওয়া মামলা, নিরাপত্তা শঙ্কা ও ক্রিকেটে ফেরার ইচ্ছা সবকিছু নিয়েই খোলামেলা কথা বলেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। আর সেই আলোচনায় উঠে এসেছে চাঞ্চল্যকর এক অভিযোগও মামলা থেকে নাম সরিয়ে দেওয়ার বিনিময়ে তার কাছে এক কোটি টাকা দাবি করা হয়েছিল।

মামলা থেকে নাম সরিয়ে দেওয়ার প্রস্তাব প্রসঙ্গে সাবেক এই অলরাউন্ডার বলেন, ‘বলেছে, এক কোটি টাকা দিলে আমার নাম কেস থেকে উঠিয়ে দেবে। কিন্তু যারা বলছে, তাদের ধারণা নেই যে কেস হয়ে যাওয়ার পর চাইলেই নাম উঠানো যায় না। শেষ পর্যন্ত পুলিশের তদন্তেই ঠিক হবে আমার সম্পৃক্ততা ছিল কি না।’

কারা এই প্রস্তাব দিয়েছিল, সে বিষয়েও ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। সাকিব জানান, এফআইআরে বাদীপক্ষের যোগাযোগের জন্য যে ব্যক্তির নাম উল্লেখ ছিল, তার মাধ্যমেই কয়েকজন এই বার্তা পৌঁছে দেন। যদিও ঠিক কারা যোগাযোগ করেছিলেন, সে বিষয়ে বিস্তারিত বলতে চাননি তিনি।

প্রস্তাব পাওয়ার পর নিজের প্রতিক্রিয়াও তুলে ধরেন সাকিব। তিনি বলেন, ‘এসব টাকা দিয়ে কেন করতে হবে ভাই? টাকা দেওয়া মানে তো হচ্ছে আমার সমস্যা আছে, আমি চাচ্ছি যে আমাকে এখান থেকে বাঁচিয়ে দেওয়া হোক। হতে পারে তারা ভেবেছে আমার কাছে অনেক বেশি টাকা, চাইলেই হলো।’

দেশে ফেরা নিয়ে নিজের বর্তমান অবস্থানও পরিষ্কার করেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। তার মতে, দেশে ফিরতে আইনগত কোনো বাধা না থাকলেও নিরাপত্তা এবং দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়া জরুরি।

এ বিষয়ে সাকিব বলেন, ‘আমি চাই স্বাভাবিক একটা নিরাপত্তা এবং দেশত্যাগের নিষেধাজ্ঞা উঠে যাক। এ দুটি বিষয় আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। দেশত্যাগের নিষেধাজ্ঞা না ওঠানো পর্যন্ত আমার পক্ষে যাওয়া সম্ভব নয়।’

তবে গ্রেপ্তার হওয়ার ভয় নেই বলেও জানিয়েছেন তিনি। বরং তার শঙ্কা অন্য জায়গায়। দেশে ফিরলে ব্যক্তিগত আক্রমণ বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির আশঙ্কা দেখছেন সাকিব।

নিজের সেই উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘মব হতে পারে, ব্যক্তিগত শত্রুতা থেকেও কিছু হতে পারে। অন্তত এমন একটা জায়গা তো থাকা উচিত, যেখানে বিপদ হলে কেউ দায়িত্ব নেবে।’

রাজনীতিতে নিজের অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, ‘আজকে যেটা ঠিক মনে হয় না, পাঁচ বা দশ বছর পরে হয়তো সেটাই ঠিক মনে হবে। মানুষ বারবার ভুলে যায় যে, আমি একটি নির্দিষ্ট এলাকা থেকে সংসদ সদস্য হয়েছিলাম। এলাকার মানুষ আমাকে ভোট দিয়েছেন দেখেই আমি জিতেছি। তারা যদি ভোট না দিতেন, আমি জিততাম না। সারা দেশের মানুষ তো আমাকে ভোট দেননি।’