জয় পেয়েও সুপার সিক্সে উঠতে পারল না বাংলাদেশ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 20 মিনিট আগে
জয় পেয়েও সুপার সিক্সে উঠতে পারল না বাংলাদেশ

জয় পেয়েও সুপার সিক্সে উঠতে পারল না বাংলাদেশ

জয় পেয়েও সুপার সিক্সে উঠতে পারল না বাংলাদেশ

আইসিসি উইমেন’স ইমার্জিং নেশন্স ট্রফির শেষ ম্যাচে থাইল্যান্ডকে ৩ রানে হারিয়েও টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে বাংলাদেশ। সুপার সিক্সে উঠতে হলে আজমানের এই ম্যাচে বড় ব্যবধানে জয়ের বিকল্প ছিল না। কিন্তু ব্যাটিং ব্যর্থতার পর বোলাররা কোনোমতে মান বাঁচালেও নেট রান রেটের সমীকরণ মেলানো সম্ভব হয়নি।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। তৃতীয় উইকেটে শারমিন আক্তার (১৬) ও নিগার সুলতানা ৩৮ রান যোগ করলেও রানের গতি ছিল বেশ মন্থর। এরপর সোবহানা মোস্তারিকে সঙ্গে নিয়ে নিগার ৪৬ রানের কার্যকরী একটি জুটি গড়েন। নিগার ৩৬ বলে ৪৫ এবং সোবহানা ২৬ বলে ২৮ রান করে আউট হন। শেষদিকে স্বর্ণা আক্তার (১৪*) ও রিতু মনির (১২) ছোট দুটি ক্যামিও ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৩২ রানের পুঁজি পায় দল। থাইল্যান্ডের হয়ে চানিদা সুত্থিরুয়াং সর্বোচ্চ ২টি উইকেট নেন।

১৩৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই বাঁহাতি স্পিনার সানজিদা আক্তার মেঘলার তোপে পড়ে থাইল্যান্ড। তবে শুরুর ধাক্কা সামলে তৃতীয় উইকেটে ৫২ রানের জুটি গড়ে ম্যাচ জমিয়ে তোলেন নানাপাট কোঞ্চারোয়েঙ্কাই ও অধিনায়ক নারুমল চাওয়াই। চাওয়াই ৩৩ রানে ফিরলেও ক্যারিয়ার সেরা ৫৭ রানের (৫১ বল) ইনিংস খেলে থাইল্যান্ডকে জয়ের পথে রাখেন কোঞ্চারোয়েঙ্কাই। ১৮তম ওভারে তিনি আউট হলে চাপে পড়ে থাইরা। শেষ দুই ওভারে ২১ রানের সমীকরণ মেলাতে না পেরে ১২৯ রানে থামে তাদের ইনিংস। বাংলাদেশের পক্ষে মেঘলা ২টি উইকেট শিকার করেন।

'বি' গ্রুপে বাংলাদেশ ও জিম্বাবুয়ে উভয় দলই চার ম্যাচের দুটিতে জয় পায়। তবে নেট রান রেটে সামান্য এগিয়ে থাকায় (-০.০৯ বনাম -০.২০) পরের রাউন্ডের টিকিট নিশ্চিত করে জিম্বাবুয়ে। গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ায় এখন দেশে ফিরে আগামী মাসের নিউ জিল্যান্ড সফরের প্রস্তুতি শুরু করবে টাইগ্রেসরা।