রাজনীতিতে ফেরার ইঙ্গিত দিয়ে আওয়ামী লীগেই অনুগত থাকার কথা জানালেন সাকিব
রাজনীতিতে ফেরার ইঙ্গিত দিয়ে আওয়ামী লীগেই অনুগত থাকার কথা জানালেন সাকিব
রাজনীতিতে ফেরার ইঙ্গিত দিয়ে আওয়ামী লীগেই অনুগত থাকার কথা জানালেন সাকিব
ক্রিকেটের বাইরের আলোচনায় আবারও উঠে এসেছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার ও সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। খেলোয়াড়ি ক্যারিয়ার এখনো শেষ হয়নি বলে বিশ্বাস রাখলেও, ভবিষ্যতে সেই অধ্যায় শেষে রাজনীতির মঞ্চে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। একই সঙ্গে স্পষ্ট করেছেন, রাজনীতিতে ফিরলে তিনি আবারও আওয়ামী লীগের সঙ্গেই যুক্ত থাকবেন।
বিডি নিউজ টোয়েন্টি ফোরকে দেওয়া সাক্ষাৎকারে
রাজনৈতিক অবস্থান ও দলীয় আনুগত্য নিয়ে নিজের অবস্থান তুলে ধরে সাকিব বলেন, ‘সেটাই তো হওয়ার কথা (আওয়ামী লীগে প্রতিজ্ঞাবদ্ধ), তাই না? আমার এতো দল পরিবর্তন করার শখ নেই, ইচ্ছা নেই এবং কোনো কালেও ছিলো না। আমি এই জিনিস কখনও করিনি। ঠিক আছে?’
দল পরিবর্তনের বিষয়ে নিজের দীর্ঘদিনের অবস্থান আরও পরিষ্কার করে তিনি জানান, জীবনের যে কোনো পর্যায়েই তিনি যে দলের সঙ্গেই যুক্ত থেকেছেন, সেখানে অনুগত ছিলেন এবং কখনো অবস্থান বদলাননি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি যদি একটা ছোট দলেও কোনো দিন নাম লিখিয়েছি তো ওই দলের প্রতি সবসময় অনুগত ছিলাম। পল্টি দেওয়ার অভ্যাস নেই।’
বর্তমানে রাজনৈতিকভাবে কার্যক্রমে নিষিদ্ধ অবস্থায় রয়েছে তার দল আওয়ামী লীগ। তবে সাকিব মনে করেন, এই পরিস্থিতি স্থায়ী নয় এবং ভবিষ্যতে পরিবর্তন আসবে। রাজনৈতিক বাস্তবতা নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, ‘এখন নিষিদ্ধ, তাই বলে আজীবন নিষিদ্ধ থাকবে নাকি? আজীবন কি কেউ কাউকে নিষিদ্ধ করে রাখতে পারে! এটা তো মানুষের গণতান্ত্রিক অধিকার। দেশের একটা বড় অংশকে তো দাবিয়ে রাখতে পারবেন না।’
দলের কার্যক্রম স্থগিত থাকলেও সেটি দেশের রাজনৈতিক অগ্রগতির জন্য ইতিবাচক নয় বলেও মন্তব্য করেন এই ক্রিকেটার-রাজনীতিবিদ। তিনি বলেন, ‘হ্যাঁ, জোর করে কিছুদিন সম্ভব আটকে রাখা বা যতোদিন সম্ভব দমিয়ে রাখতে পারেন। কিন্তু এটাতে আসলে দেশের কোনো উন্নতি বা রাজনীতির ভালো আছে বলে আমার মনে হয় না।’
