কাঁধের চোটে পিএসএল শেষ ইমনের, নিউজিল্যান্ড সিরিজ নিয়েও শঙ্কা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 3 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
কাঁধের চোটে পিএসএল শেষ ইমনের, নিউজিল্যান্ড সিরিজ নিয়েও শঙ্কা

কাঁধের চোটে পিএসএল শেষ ইমনের, নিউজিল্যান্ড সিরিজ নিয়েও শঙ্কা

কাঁধের চোটে পিএসএল শেষ ইমনের, নিউজিল্যান্ড সিরিজ নিয়েও শঙ্কা

পাকিস্তান সুপার লিগে অভিষেক মৌসুমটা হঠাৎই থেমে গেল পারভেজ হোসেন ইমনের। কাঁধের চোটে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন এই বাংলাদেশি ওপেনার, যার প্রভাব পড়তে পারে আসন্ন নিউজিল্যান্ড সিরিজেও।

গত ৩ এপ্রিল গাদ্দাফি স্টেডিয়ামে মুলতান সুলতান্সের বিপক্ষে ম্যাচে ফিল্ডিংয়ের সময় আসিফ আলীর সঙ্গে সংঘর্ষে কাঁধে আঘাত পান ইমন। এরপর করা এমআরআই স্ক্যানে তার লিগামেন্টে ছিঁড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইমনের দল লাহোর কালান্দার্স জানায়, “ম্যাচ চলাকালীন সংঘর্ষের পর ইমনের কাঁধে চোট লাগে। এমআরআই স্ক্যানে লিগামেন্ট টিয়ার ধরা পড়েছে। আগামী কয়েক সপ্তাহ তাকে বিশ্রাম ও পুনর্বাসনে থাকতে হবে।”

চোটের কারণে তাকে স্কোয়াড থেকে ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানায় দলটি। "পরিস্থিতি বিবেচনায় তাকে স্কোয়াড থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার পরিবর্তে শিগগিরই নতুন খেলোয়াড় ঘোষণা করা হবে।”

বাংলাদেশ টি-টোয়েন্টি দলের নিয়মিত সদস্য ইমন। পিএসএলে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে ২১ এপ্রিল পর্যন্ত অনাপত্তিপত্র পেয়েছিলেন তিনি। পরিকল্পনা ছিল, ২৭ এপ্রিল শুরু হতে যাওয়া নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগেই দলে যোগ দেবেন। তবে এই চোটে সেই সম্ভাবনা এখন অনিশ্চিত হয়ে পড়েছে।

পিএসএলে এটিই ছিল ইমনের প্রথম আসর। তিন ম্যাচে ১৬১.৩৬ স্ট্রাইক রেটে ৭১ রান করেন তিনি, যার মধ্যে মুলতানের বিপক্ষে ১৯ বলে ৪৫ রানের ঝড়ো ইনিংস ছিল অন্যতম আকর্ষণ।

চোটের কারণে আজ রাতেই দেশে ফিরছেন এই বাঁহাতি ওপেনার।