প্রথম ইনিংসেই হেরে গেছি ম্যাচ, স্বীকার করলেন শান্ত

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 23 মিনিট আগে
প্রথম ইনিংসেই হেরে গেছি ম্যাচ, স্বীকার করলেন শান্ত

প্রথম ইনিংসেই হেরে গেছি ম্যাচ, স্বীকার করলেন শান্ত

প্রথম ইনিংসেই হেরে গেছি ম্যাচ, স্বীকার করলেন শান্ত

হারারে স্পোর্টস ক্লাবে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে ইনিংস ও ৮৫ রানের বড় ব্যবধানে পরাজয় বাংলাদেশের। ম্যাচজুড়ে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই ছন্দহীন পারফরম্যান্সে স্বাগতিকদের সামনে কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারেনি টাইগাররা। এমন হতাশাজনক হারের পর দলের সামগ্রিক ব্যর্থতার দায় এড়িয়ে যাননি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাঁর মতে, প্রথম ইনিংসের ব্যাটিং বিপর্যয়ই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিয়েছে।

ম্যাচের দুই ইনিংসেই ২০০ রানের গণ্ডি স্পর্শ করতে ব্যর্থ হয় বাংলাদেশ। পুরো ম্যাচে মুমিনুল হকের ৬০ রানই ছিল দলের একমাত্র ফিফটি। ব্যাটিং ব্যর্থতার পাশাপাশি বোলিংয়েও প্রত্যাশিত ধার দেখাতে পারেনি সফরকারীরা। 

ম্যাচ শেষে দলের পারফরম্যান্স মূল্যায়ন করতে গিয়ে শান্ত বলেন, ‘প্রথম ইনিংসে আমরা ভালোভাবে ব্যাট করতে পারিনি। সেখানেই আসলে ম্যাচটা হেরে গেছি। বোলিং ব্যাটিং দুই জায়গার কোনোটিতেই আমরা ভালো করিনি।’

হারারের কন্ডিশনকে চ্যালেঞ্জিং উল্লেখ করলেও সেটিকে অজুহাত হিসেবে দাঁড় করাতে চাননি বাংলাদেশ অধিনায়ক। বরং ম্যাচ পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থতাকেই তিনি পরাজয়ের অন্যতম কারণ হিসেবে দেখিয়েছেন। একই সঙ্গে জিম্বাবুয়ের পেসারদের প্রশংসা করে নিজের দলের ব্যাটিংয়ের দুর্বলতার কথাও তুলে ধরেন শান্ত। 

তিনি বলেন, ’কন্ডিশন এখানে ভিন্ন ছিল। তবে আমরা প্ল্যান কাজে লাগাতে পারিনি। কন্ডিশনের চ্যালেঞ্জ মানিয়ে নিয়েই আপনাকে খেলতে হবে। আমরা সেখানে ব্যর্থ হয়েছি। (মূল পেসারদের না থাকা) প্ল্যানেরই অংশ ছিল এগুলো। জিম্বাবুয়ের পেসাররা অনেক ভালো বল করেছে। ব্যাটিংয়ে প্রপার ক্রিকেটিং শট খেলা দরকার ছিল, প্ল্যান কাজে লাগাতে পারিনি আমরা।’

টেস্টের হতাশা পেছনে ফেলে এখন সামনে সাদা বলের সিরিজে ঘুরে দাঁড়ানোর আশায় বাংলাদেশ দল। সাম্প্রতিক সময়ে সীমিত ওভারের ক্রিকেটে দলের পারফরম্যান্স ইতিবাচক ছিল বলেই আত্মবিশ্বাস হারাচ্ছেন না অধিনায়ক। 

আসন্ন সিরিজ নিয়ে আশাবাদ ব্যক্ত করে শান্ত বলেন, ‘সাদা বলে ৪-৫ সিরিজে আমরা ভালো খেলছি, জিতেছিও। ছেলেরা উজ্জীবিত আছে। আশা করি সাদা বলের সিরিজে আমরা ভালো করতে পারব।’