স্টেডিয়ামের স্ট্যান্ডে সাবেকদের নাম দেওয়ার পরিকল্পনায় তামিম

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 3 ঘন্টা আগে আপডেট: 25 মিনিট আগে
স্টেডিয়ামের স্ট্যান্ডে সাবেকদের নাম দেওয়ার পরিকল্পনায় তামিম

স্টেডিয়ামের স্ট্যান্ডে সাবেকদের নাম দেওয়ার পরিকল্পনায় তামিম

স্টেডিয়ামের স্ট্যান্ডে সাবেকদের নাম দেওয়ার পরিকল্পনায় তামিম

বাংলাদেশ ক্রিকেটে সাবেকদের সম্মান জানাতে নতুন উদ্যোগের ইঙ্গিত দিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। দায়িত্ব নেওয়ার পর থেকেই সাবেক অধিনায়কদের জন্য ‘ক্যাপ্টেন্স কার্ড’ চালুর মাধ্যমে আলোচনায় আসা এই ক্রিকেটার এবার স্টেডিয়ামের গ্যালারিতে সাবেক ক্রিকেটার ও সংগঠকদের নাম সংযোজনের পরিকল্পনার কথা জানালেন, যা বাস্তবায়িত হলে দেশের ক্রিকেট ইতিহাস সংরক্ষণে নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে।

মঙ্গলবার মিরপুরে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে নিজের পরিকল্পনার কথা তুলে ধরেন তামিম ইকবাল। সাবেক ক্রিকেটারদের অবদানকে স্মরণীয় করে রাখতে স্টেডিয়ামের বিভিন্ন স্ট্যান্ডের নামকরণ নিয়ে চলমান ভাবনার দিকটি ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ‘ সাবেক ক্রিকেটারদের নামে স্টেডিয়ামে স্ট্যান্ড হওয়া উচিত। তবে আমাদের খুব সতর্ক থাকতে হবে যে, আমরা কাকে কাকে ওই নামগুলো দিয়ে সম্মান দিচ্ছি। কারণ একজনকে নাম দিয়ে দিলাম, আরেকজন কষ্ট পেল। হয়তোবা যখনই যারই নাম দেই, কেউ না কেউ এটা নিয়ে একটা আপত্তি করতেই পারে। তো এটা নিয়ে আমরা পরিকল্পনা করছি যে আসলে কোন পদ্ধতিতে যাব।’

এই প্রক্রিয়ায় ভারসাম্য রক্ষা এবং সঠিক মানদণ্ড নির্ধারণ কতটা গুরুত্বপূর্ণ, সেটিও তুলে ধরেন বিসিবি সভাপতি। দেশের বিভিন্ন অঞ্চলের ক্রিকেটার, জাতীয় পর্যায়ের তারকা এবং সংগঠকদের অবদান কীভাবে মূল্যায়ন করা হবে সে প্রশ্ন সামনে এনে তিনি আরও বলেন, ‘আমি কি শুধু নিজের শহরের খেলোয়াড়দের নাম দেব, নাকি জাতীয় স্টেডিয়ামে জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের নাম রাখা হবে? আবার এখানে এমন কিছু সংগঠক আছেন, যাদের বাংলাদেশ ক্রিকেটে বিশাল অবদান রয়েছে; তাদের নামও থাকা উচিত। বিষয়টি নিয়ে আমি পরিকল্পনা করছি। এই অ্যাডহক কমিটির মেয়াদে তা শেষ করতে পারব কি না জানি না, তবে ভবিষ্যতে নির্বাচিত হয়ে আসতে পারলে আশা করি এটি সম্পন্ন করতে পারব।’

শুধু পরিসংখ্যান দিয়ে সাবেকদের মূল্যায়ন না করার বিষয়েও নিজের অবস্থান স্পষ্ট করেছেন তামিম। অতীতের ক্রিকেট বাস্তবতা এবং প্রেক্ষাপট বিবেচনায় খেলোয়াড়দের অবদানকে দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘কারো ব্যাটিং গড় ৫০ হতে হবে, এমন কোনো শর্ত নেই। আমাদের সময়ে যারা খেলেছেন, তাদের গড় যদি ১০-ও হয়ে থাকে, তবে সেই ১০ রানের অবদানও তখন বিশাল ছিল।’

সাবেক ক্রিকেটারদের প্রতি সম্মান প্রদর্শনের এই উদ্যোগে পরিসংখ্যানের বাইরেও অবদানের গুরুত্ব দেওয়ার কথা পুনর্ব্যক্ত করে বিসিবি সভাপতি আরও বলেন, ‘যারা যে ভূমিকা পালন করেছেন, পরিসংখ্যান বা অন্য যেকোনো কিছুর ঊর্ধ্বে গিয়ে তাদের সম্মান করা আমাদের দায়িত্ব। অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে বিবেচনা করে কোন জায়গায় কার নাম দেওয়া যায়, সেই কাজটি আমি ইনশাআল্লাহ সম্পন্ন করে দিয়ে যেতে চাই।’