বিসিবির সঙ্গে সমঝোতায় দায়িত্ব ছাড়লেন শন টেইট

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
বিসিবির সঙ্গে সমঝোতায় দায়িত্ব ছাড়লেন শন টেইট

বিসিবির সঙ্গে সমঝোতায় দায়িত্ব ছাড়লেন শন টেইট

বিসিবির সঙ্গে সমঝোতায় দায়িত্ব ছাড়লেন শন টেইট

শন টেইটের সঙ্গে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পথচলা শেষ হলো প্রত্যাশার আগেই। পারিবারিক কারণকে সামনে রেখে জাতীয় দলের বোলিং কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন সাবেক অস্ট্রেলিয়ান গতিতারকা। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

২০২৫ সালের মে মাসে বাংলাদেশের পেস বোলিং কোচ হিসেবে যোগ দিয়েছিলেন টেইট। বোর্ডের বিবৃতিতে বলা হয়েছে, টেইটের সময়ে বাংলাদেশের পেস আক্রমণ আরও সংগঠিত ও শক্তিশালী রূপ পেয়েছে। বিশেষ করে বিভিন্ন সংস্করণে ফাস্ট বোলারদের পারফরম্যান্সের উন্নয়নে তার অবদান ছিল গুরুত্বপূর্ণ। জাতীয় দলের সাম্প্রতিক কয়েকটি উল্লেখযোগ্য সাফল্যের সময়ও কোচিং স্টাফের অংশ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

দায়িত্ব ছাড়ার সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করতে গিয়ে বাংলাদেশের সঙ্গে কাটানো সময়ের স্মৃতি তুলে ধরেন টেইট। জাতীয় দলের খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাকে বিশেষ সম্মান হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে কাজ করা এবং প্রতিভাবান ও নিবেদিতপ্রাণ খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের একটি দলের অংশ হতে পারা আমার জন্য বিশেষ সম্মানের বিষয় ছিল। এটি সহজ কোনো সিদ্ধান্ত ছিল না। আলোচনার পুরো সময়জুড়ে বিসিবি যে সমর্থন ও বোঝাপড়ার পরিচয় দিয়েছে, তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। ”

বাংলাদেশের পেসারদের অগ্রগতিতে সন্তুষ্টি প্রকাশ করে ভবিষ্যৎ নিয়েও আশাবাদ ব্যক্ত করেন সাবেক এই অস্ট্রেলিয়ান পেসার। তিনি বলেন, “পেস বোলাররা যে অগ্রগতি অর্জন করেছে, তা নিয়ে আমি গর্বিত। আমি বিশ্বাস করি তাদের সামনে দারুণ একটি ভবিষ্যৎ অপেক্ষা করছে। দলের আগামী পথচলার জন্য আমি সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি। ”

অন্যদিকে, বাংলাদেশ ক্রিকেটে তার অবদানের জন্য টেইটকে ধন্যবাদ জানিয়েছে বিসিবি। একই সঙ্গে ভবিষ্যতের দায়িত্ব ও পেশাগত জীবনের জন্য শুভকামনাও জানিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

টেইটের বিদায়ের পর জাতীয় দলের বোলিং কোচের পদটি এখন শূন্য হয়ে গেল। নতুন কোচ নিয়োগের বিষয়টি সামনে এলেও আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে এই দায়িত্ব পালন করবেন সাবেক জাতীয় দলের পেসার তালহা জুবায়ের।