ইমামের চোখে পাকিস্তানের দিন, তবু আত্মতুষ্ট নন ওপেনার

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
ইমামের চোখে পাকিস্তানের দিন, তবু আত্মতুষ্ট নন ওপেনার

ইমামের চোখে পাকিস্তানের দিন, তবু আত্মতুষ্ট নন ওপেনার

ইমামের চোখে পাকিস্তানের দিন, তবু আত্মতুষ্ট নন ওপেনার

মিরপুর টেস্টের দ্বিতীয় দিন শেষে স্কোরবোর্ডে পাকিস্তান এখনও পিছিয়ে। তবে মাঠের চিত্র বলছে ভিন্ন গল্প। বল হাতে মোহাম্মদ আব্বাসের বিধ্বংসী স্পেল আর পরে ব্যাট হাতে আজান আওয়াইস ও আব্দুল্লাহ ফজলের দৃঢ়তায় ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে টেনে নিয়েছে সফরকারীরা। দিন শেষে পাকিস্তানের ড্রেসিংরুমে স্বস্তির আবহ থাকলেও সেই অবস্থানকে এখনই নিরাপদ বলতে নারাজ ওপেনার ইমাম উল হক।

দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে পাকিস্তানের অবস্থান নিয়ে নিজের মূল্যায়ন তুলে ধরেন ওপেনার ইমাম উল হক। তিনি বলেন, ‘আপনি বলতে পারেন আজ পাকিস্তানের দিন ছিল। প্রতিপক্ষকে ১০০ রানের নিচে অল-আউট করা এবং নিজেরা ১৭০ রানে ১ উইকেট থাকা মানে আমরা সব সেশন জিতেছি। তবে টেস্ট ক্রিকেটের সৌন্দর্য হলো এটি খুব দ্রুত বদলে যায়। আপনাকে অনেক ধৈর্য ধরতে হবে। কালকের দিনটিই ঠিক করে দেবে টেস্ট ম্যাচ কোন দিকে যাচ্ছে।’

বাংলাদেশের ইনিংস দ্রুত গুটিয়ে ফেলার পর নিজেদের ব্যাটিংয়ের ইতিবাচক দিক নিয়েও কথা বলেন ইমাম। বিশেষ করে দ্রুত রান তোলা এবং বড় জুটি গড়ার বিষয়টিকে গুরুত্বপূর্ণ মনে করছেন তিনি।

ইমাম বলেন, ‘বাংলাদেশ আজ ৩০০ (৩০১) রানে ৪ উইকেট থেকে শুরু করেছিল কিন্তু আমরা পরের ১১০ রানের মধ্যে তাদের বাকি ৭ (৬) উইকেট নিয়েছি। এরপর সবচেয়ে ইতিবাচক দিক ছিল আমাদের ব্যাটিং। আমরা দ্রুত রান করেছি এবং ভালো জুটি গড়েছি। ১ উইকেটে ১৭০ রান আমাদের ভালো অবস্থানে রেখেছে।’

তবে ম্যাচের ভবিষ্যৎ নিয়ে এখনই কোনো পূর্বাভাস দিতে রাজি নন পাকিস্তানের এই ওপেনার। উইকেটের আচরণ বদলে যেতে পারে বলেই সতর্ক অবস্থানে থাকতে চান তারা। বিশেষ করে তৃতীয় ও চতুর্থ দিনে স্পিনারদের সহায়তা বাড়তে পারে বলে ধারণা তার।

সেই বাস্তবতা সামনে রেখেই ইমাম বলেন, ‘লিড নিয়ে বলাটা এখনই খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কালকের দিনটি হবে ‘মুভিং ডে’ এবং আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। যদি আমরা কাল সারা দিন এভাবে ব্যাটিং করতে পারি, তবে খুব ভালো হবে। উইকেটে ছোট ছোট ফাটল দেখা যাচ্ছে যা সময়ের সাথে আরও খুলবে। আজকেও কিছু বলে আপ-অ্যান্ড-ডাউন মুভমেন্ট দেখা গেছে। আমার মনে হয় তৃতীয় বা চতুর্থ দিনে ব্যাটিং করা কিছুটা কঠিন হতে পারে। তাই এই ইনিংসটি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং আমরা যতটা সম্ভব লম্বা ব্যাটিং করতে চাই। আমরা নির্দিষ্ট কোনো স্কোরের কথা ভাবছি না, তবে কালকের দিনটি পুরো ব্যাট করতে পারলে ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে থাকবে।’