আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন কেন উইলিয়ামসন

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 2 মিনিট আগে
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন কেন উইলিয়ামসন

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন কেন উইলিয়ামসন

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন কেন উইলিয়ামসন

নিউজিল্যান্ড ক্রিকেটের ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার এবং দেশটির সর্বকালের সর্বোচ্চ আন্তর্জাতিক রান সংগ্রাহক কেন উইলিয়ামসন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ১৬ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টেনে ৩৫ বছর বয়সী এই তারকা তাৎক্ষণিকভাবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন।

২০১০ সালে নিউজিল্যান্ডের জার্সিতে অভিষেক হওয়া উইলিয়ামসন তিন ফরম্যাট মিলিয়ে ৩৭৮টি ম্যাচ খেলেছেন। ক্যারিয়ার শেষে তার সংগ্রহ ১৯,৩৪৬ আন্তর্জাতিক রান, যার মধ্যে রয়েছে ৪৮টি সেঞ্চুরি ও ৬টি ডাবল সেঞ্চুরি। এর আগে গত নভেম্বরে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট থেকেও অবসর নিয়েছিলেন তিনি।

অবসরের ঘোষণা দিয়ে উইলিয়ামসন বলেন, “এটি নিয়ে অনেক দিন ধরেই ভাবছিলাম। তবে গত কয়েক দিনে পরিষ্কার হয়ে গেছে, এখনই সঠিক সময়। আন্তর্জাতিক ক্রিকেটের প্রতি আমার সবসময়ই তীব্র ভালোবাসা ও ক্ষুধা ছিল। নিউজিল্যান্ডের হয়ে প্রতিটি ম্যাচে নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। এর চেয়ে কম কিছু নিয়ে চালিয়ে যাওয়া ঠিক হতো না। তাই নিজের সিদ্ধান্তে বিদায় নিতে পারায় আমি কৃতজ্ঞ।”

তিনি আরও বলেন, “এই দলের ভবিষ্যৎ নিয়ে আমি আশাবাদী। দলে প্রচুর প্রতিভা রয়েছে এবং বিশেষ কিছু অর্জনের প্রবল ইচ্ছাও আছে। নিউজিল্যান্ড দল সবসময়ই আমার হৃদয়ের খুব কাছের থাকবে।”

ব্যাটিংয়ের পাশাপাশি অধিনায়ক হিসেবেও অসাধারণ সাফল্য পেয়েছেন উইলিয়ামসন। তার নেতৃত্বে নিউজিল্যান্ড ৪০টি টেস্টে ২২টি জয় পেয়েছে, যা দেশটির ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। ওয়ানডেতে ৯১ ম্যাচে ৪৬টি এবং টি-টোয়েন্টিতে ৭৫ ম্যাচে ৩৯টি জয় এনে দিয়েছেন তিনি, যা নিউজিল্যান্ডের কোনো অধিনায়কের সর্বোচ্চ।

উইলিয়ামসনের নেতৃত্বেই নিউজিল্যান্ড ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল, ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল এবং ২০২১ সালে প্রথম আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল। এছাড়া ২০১৬, ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালেও দলকে নেতৃত্ব দেন তিনি।