ইংল্যান্ডের সাবেক অধিনায়ক এমজেকে স্মিথ আর নেই
ইংল্যান্ডের সাবেক অধিনায়ক এমজেকে স্মিথ আর নেই
ইংল্যান্ডের সাবেক অধিনায়ক এমজেকে স্মিথ আর নেই
ইংল্যান্ড ও ওয়ারউইকশায়ারের সাবেক অধিনায়ক এমজেকে স্মিথ ৯২ বছর বয়সে মারা গেছেন।
১৯৫৮ থেকে ১৯৭২ সালের মধ্যে ইংল্যান্ডের হয়ে ৫০টি টেস্ট খেলেছিলেন স্মিথ। এর মধ্যে ২৫ টেস্টে নেতৃত্ব দেন তিনি। টেস্ট ক্যারিয়ারে ৩টি সেঞ্চুরি ও ১১টি ফিফটিতে ২,২৭৮ রান করেন এই ব্যাটার, গড় ছিল ৩১.৬৩। ক্রিকেটে অবদানের জন্য ১৯৭৬ সালে তাকে ওবিই (অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার) সম্মানে ভূষিত করা হয়।
দীর্ঘ ১৯ বছরের ক্যারিয়ারে ১৯৫৬ থেকে ১৯৭৫ পর্যন্ত ওয়ারউইকশায়ারের হয়ে খেলেছেন স্মিথ। ১৯৫৭ থেকে ১৯৬৭ পর্যন্ত ছিলেন দলের অধিনায়কও। ১৯৫৯ মৌসুম ছিল তার ক্যারিয়ারের সেরা সময়, যখন তিনি ক্লাব রেকর্ড ২,৪১৭ রান করে উইজডেন ক্রিকেটার অব দ্য ইয়ার নির্বাচিত হন। প্রথম-শ্রেণির ক্রিকেটে ৬৩৭ ম্যাচে তার মোট রান ৩৯,৮৩২, যা ইতিহাসের ১৮তম সর্বোচ্চ।
শান্ত স্বভাব ও চশমাপরা স্মিথ ছিলেন স্ট্যামফোর্ড স্কুল ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তবে মাঠে তার সহজ-সরল ব্যক্তিত্ব ও নেতৃত্বগুণ খেলোয়াড়দের কাছে তাকে জনপ্রিয় করে তুলেছিল।
তার নেতৃত্বের সময়টাকে ধরা হয় রক্ষণাত্মক ক্রিকেটের যুগ হিসেবে। অধিনায়ক হিসেবে ২৫ টেস্টে তিনি জিতেছেন ৫টি, হেরেছেন ৩টি এবং ড্র করেছেন ১৭টি ম্যাচ। তবে ছয়টি টেস্ট সিরিজের মধ্যে মাত্র একটিতে হেরেছিলেন, সেটিও ১৯৬৬ সালে গ্যারি সোবার্সের শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজ দলের বিপক্ষে।
ক্রিকেটের পাশাপাশি রাগবিতেও ছিলেন দক্ষ স্মিথ। ফ্লাই-হাফ পজিশনে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও লেস্টারশায়ারের হয়ে খেলেছেন তিনি। ১৯৫৬ সালে ওয়েলসের বিপক্ষে ইংল্যান্ডের হয়ে একটি আন্তর্জাতিক ম্যাচও খেলেছিলেন।
অবসরের পরও ক্রিকেটের সঙ্গে যুক্ত ছিলেন স্মিথ। ওয়ারউইকশায়ারের চেয়ারম্যান এবং আইসিসি ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এছাড়া ১৯৯৪-৯৫ অ্যাশেজ সফরসহ ইংল্যান্ড দলের ট্যুর ম্যানেজারের ভূমিকাও পালন করেছেন।
সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইক আথারটন স্মিথকে স্মরণ করে বলেছেন, “তার হাস্যরস আর সহজ-সরল আচরণ অধিনায়কত্বের চাপ সামলাতে আমাকে সাহায্য করেছিল। তিনি ছিলেন একদম নিরহংকার মানুষ।”
আরেক সাবেক ইংলিশ ক্রিকেটার জিওফ্রে বয়কট বলেছেন, “তার দারুণ রসবোধ ছিল, কখনো কঠোর বা কর্তৃত্বপরায়ণ ছিলেন না। তিনি ছিলেন ভদ্র ও ভালো মানুষ, যাকে সবাই সফল দেখতে চাইত।”
সোমবার এজবাস্টনে ওয়ারউইকশায়ার ও গ্ল্যামরগানের কাউন্টি চ্যাম্পিয়নশিপ ম্যাচ শুরুর আগে খেলোয়াড় ও কর্মকর্তারা মাঠে দাঁড়িয়ে স্মিথের প্রতি শ্রদ্ধা জানান।
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) চেয়ারম্যান রিচার্ড থম্পসন বলেছেন, “মাইক এমন একজন মানুষ ছিলেন যিনি মাঠের ভেতরে ও বাইরে ক্রিকেটকে অনেক কিছু দিয়েছেন। খেলোয়াড় ও প্রশাসক দুই ভূমিকাতেই তিনি অসাধারণ ছিলেন। ক্রিকেটে তার অবদান কখনো ভোলা যাবে না।”
