আফগানিস্তানকে ৪৭৯ রানের বিশাল লক্ষ্য দিল বাংলাদেশ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 4 মিনিট আগে
আফগানিস্তানকে ৪৭৯ রানের বিশাল লক্ষ্য দিল বাংলাদেশ

আফগানিস্তানকে ৪৭৯ রানের বিশাল লক্ষ্য দিল বাংলাদেশ

আফগানিস্তানকে ৪৭৯ রানের বিশাল লক্ষ্য দিল বাংলাদেশ

অস্ট্রেলিয়া সফরের দুঃস্বপ্ন কাটিয়ে মরুভূমির বুকে ব্যাট হাতে তাণ্ডব চালালেন লিটন কুমার দাস। একমাত্র টেস্টের প্রথম ইনিংসে অর্ধশতকের পর দ্বিতীয় ইনিংসে অনবদ্য এক শতক হাঁকিয়ে দলকে পাহাড়সম লিড এনে দিয়েছেন এই ডানহাতি ওপেনার। তার দুর্দান্ত ১০২ রানের ওপর ভর করে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ৩৭২ রানে ইনিংস ঘোষণা করে। ফলে জয়ের জন্য আফগানিস্তানের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ৪৭৯ রান।

চতুর্থ দিনের শুরুতে ৬ উইকেটে ২২৩ রান নিয়ে খেলা শুরু করে সফরকারীরা। আগের দিনের বিকেলের ঝড়ে ১১ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশ কিছুটা ব্যাকফুটে থাকলেও, লিটন দাস এবং মেহেদী হাসান মিরাজ সপ্তম উইকেটে রানের চাকা সচল রাখেন। দুজন মিলে গড়ে তোলেন ১৪৯ রানের ম্যাচ উইনিং এক পার্টনারশিপ।

নিজের ইনিংসে দুবার ক্যাচ ড্রপের সুবিধা পান লিটন। ১৪ ও ২৬ রানে কায়েস আহমেদের বলে জীবন পেয়ে সেটির পূর্ণ সুযোগ কাজে লাগান তিনি। মাত্র ৬১ বলে চলতি টেস্টে নিজের টানা দ্বিতীয় ও ক্যারিয়ারের ২২তম ফিফটি পূরণ করেন। এই ইনিংসের মাঝেই মাত্র ১৮ রান ছুয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৯,০০০ রানের ঐতিহাসিক গৌরব অর্জন করেন লিটন।

আগ্রাসী ব্যাটিং চালিয়ে ১১৫ বলে সেঞ্চুরি পূর্ণ করেন লিটন। শেষ পর্যন্ত ১৪টি চারের সাহায্যে ১১৭ বলে ১০২ রান করে তিনি আউট হন। অন্যদিকে সতর্কতার সঙ্গে খেলে মিরাজ ৯৭ বলে ৫২ রানে অপরাজিত থাকেন। মিরাজের ফিফটির পরপরই ৭ উইকেটে ৩৭২ রান তুলে ইনিংস সমাপ্তি ঘোষণা করেন অধিনায়ক।

এর আগে বাংলাদেশ প্রথম ইনিংসে ৩৪৬ রান সংগ্রহ করার পর হাসান মাহমুদ ও এবাদত হোসেনের বোলিং তোপে আফগানিস্তানকে ২৪০ রানে অলআউট করে ১০৬ রানের লিড পেয়েছিল। বড় লক্ষ্য তাড়া করতে এখন মাঠে নামছে আফগানরা।