শুরুর বিপর্যয় সামলে প্রথম ইনিংসে ৪০০ রান বাংলাদেশের
শুরুর বিপর্যয় সামলে প্রথম ইনিংসে ৪০০ রান বাংলাদেশের
শুরুর বিপর্যয় সামলে প্রথম ইনিংসে ৪০০ রান বাংলাদেশের
শুরুতেই টপ অর্ডারের ধসে যে ইনিংসটি বড় বিপদের শঙ্কা জাগিয়েছিল, তাওহিদ হৃদয় ও লিটন দাসের দুর্দান্ত শতকে সেটিই রূপ নিল ঐতিহাসিক এক সংগ্রহে। জোহানেসবার্গ টেস্টের প্রথম ইনিংসে ৪০০ রানে থেমেছে সফরকারী বাংলাদেশের ইনিংস, যা প্রোটিয়াদের ঘরের মাঠে টাইগারদের সর্বোচ্চ দলীয় স্কোর।
ম্যাচের প্রথম ডেলিভারিতেই উইকেট হারিয়ে ধাক্কা খাওয়া সফরকারীরা স্কোরবোর্ডে মাত্র ২২ রান তুলতেই হারিয়ে বসে প্রথম সারির তিন ব্যাটারকে। খাদের কিনারা থেকে দলকে টেনে তোলার প্রাথমিক কাজটি করেন তানজিদ হাসান ও তাওহিদ হৃদয়। তানজিদ ৬৭ রানের কার্যকরী এক ইনিংস খেলে বিদায় নিলেও, এরপর লিটন দাসকে সঙ্গী করে প্রোটিয়া বোলারদের ওপর আধিপত্য বিস্তার করেন হৃদয়।
পঞ্চম উইকেটে এই দুই ব্যাটারের গড়া ২০৬ রানের ম্যারাথন জুটিই মূলত বড় পুঁজির শক্ত ভিত গড়ে দেয়। ২২৭ বল মোকাবিলা করে ১৩৭ রানের অনবদ্য এক ইনিংস উপহার দেন তাওহিদ হৃদয়। প্রথম দিন শেষে ৬ উইকেটে ৩২৭ রান নিয়ে মাঠ ছাড়া বাংলাদেশ দ্বিতীয় দিন সকালে লিটনের ব্যাটে নতুন মাইলফলক স্পর্শ করে। আগের দিনের ৯২ রান থেকে এদিন ১৫৪ বলে ক্যারিয়ারের অষ্টম টেস্ট সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। শতক ছোঁয়ার পর নিজের মেয়ে আনাইরার জন্মদিন উপলক্ষে বিশেষ বার্তা প্রদর্শন করে ইনিংসটি তাকে উৎসর্গ করেন এই উইকেটরক্ষক-ব্যাটার।
দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশের হয়ে টেস্ট শতক হাঁকানো দ্বিতীয় ও তৃতীয় ব্যাটার হিসেবে নাম লেখালেন হৃদয় ও লিটন। ডেইন প্যাটারসনের শিকার হয়ে ভিয়ান মুল্ডারের তালুবন্দী হওয়ার আগে ১৭৯ বলে ১২০ রানের ঝলমলে ইনিংস খেলেন লিটন, যেখানে ছিল ১৪টি চার ও একটি ছক্কার মার।
দ্বিতীয় দিনের সকালে লিটনকে খুব একটা সঙ্গ দিতে পারেননি লোয়ার অর্ডারের ব্যাটাররা। মেহেদী হাসান মিরাজ ১০ রান করে স্লিপে ক্যাচ দিয়ে প্যাটারসনের শিকারে পরিণত হন। ২৪ বলে ১৬ রান করা হাসান মাহমুদও একই বোলারের বলে আউট হন। শেষ ব্যাটার হিসেবে তাসকিন আহমেদ বাউন্ডারি হাঁকিয়ে দলের রান চারশর ঘরে পৌঁছে দিলেও, পরের বলেই মুল্ডারের হাতে ক্যাচ দিয়ে প্যাটারসনের চতুর্থ শিকারে পরিণত হলে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। প্রোটিয়া বোলারদের মধ্যে কাগিসো রাবাদা একাই শিকার করেন পাঁচ উইকেট, আর মার্কো ইয়ানসেনের ঝুলিতে জমা পড়ে একটি উইকেট।
