নিউজিল্যান্ড ক্রিকেটের নতুন প্রধান নির্বাহী জিওফ অলট

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
নিউজিল্যান্ড ক্রিকেটের নতুন প্রধান নির্বাহী জিওফ অলট

নিউজিল্যান্ড ক্রিকেটের নতুন প্রধান নির্বাহী জিওফ অলট

নিউজিল্যান্ড ক্রিকেটের নতুন প্রধান নির্বাহী জিওফ অলট

নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) তাদের নতুন প্রধান নির্বাহী হিসেবে সাবেক আন্তর্জাতিক পেসার জিওফ অলটকে নিয়োগ দিয়েছে। গত বছরের শেষ দিকে স্কট উইনিকের পদত্যাগের পর শূন্য হওয়া এই পদে অলট দায়িত্ব নেবেন আগামী ১ জুলাই থেকে।

৫৪ বছর বয়সী অলট ১৯৯৬ থেকে ২০০০ সালের মধ্যে নিউজিল্যান্ডের হয়ে ১০টি টেস্ট ও ৩১টি ওয়ানডে খেলেছেন। বিশেষ করে ১৯৯৯ সালের ওয়ানডে বিশ্বকাপে তার পারফরম্যান্স ছিল নজরকাড়া, যেখানে ৯ ম্যাচে ২০ উইকেট নিয়ে তিনি টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারিদের একজন ছিলেন।

তবে শুধুমাত্র খেলোয়াড় হিসেবে নয়, ক্রিকেট প্রশাসন ও ব্যবস্থাপনায় দীর্ঘ অভিজ্ঞতাই তাকে এই দায়িত্ব পাওয়ার পথে এগিয়ে দিয়েছে। ২০০২ সালে এনজেডসি প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা বোর্ড সদস্য ছিলেন অলট। পরে ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত এনজেডসির জেনারেল ম্যানেজার (ক্রিকেট) হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ক্যান্টারবুরি ক্রিকেটের বোর্ডে কাজ করার পাশাপাশি ২০১৩ থেকে ২০২১ সাল পর্যন্ত এনজেডসি বোর্ডের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ২০২২ সালে নিউজিল্যান্ড ক্রিকেটে অবদানের জন্য তাকে লাইফ মেম্বারশিপ প্রদান করা হয়।

একটি গুরুত্বপূর্ণ সময়ে দায়িত্ব নিচ্ছেন অলট। স্কট উইনিক পদত্যাগ করেছিলেন প্রাদেশিক সংস্থা ও প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে মতবিরোধের কারণে। বিশেষ করে ২০২৭ সালের মধ্যে সুপার স্ম্যাশের পরিবর্তে বেসরকারি মালিকানাধীন এনজেড২০ টুর্নামেন্ট চালুর পরিকল্পনাকে কেন্দ্র করে এই মতপার্থক্য তৈরি হয়।

নতুন দায়িত্ব নিয়ে অলট জানিয়েছেন, তিনি সংগঠনের মধ্যে ঐক্য গড়ে তুলতে চান। তিনি বলেন, খেলোয়াড়, বোর্ড, স্টাফ ও অংশীদারদের সঙ্গে সমন্বয় করে একটি ইতিবাচক পরিবেশ তৈরি করা এবং মাঠের ভেতরে-বাইরে সাফল্য অর্জনই তার লক্ষ্য।

এনজেডসি চেয়ারম্যান ডায়ানা পুকেতাপু-লিন্ডন বলেন, অলটের অভিজ্ঞতা, ক্রিকেট জ্ঞান এবং বাণিজ্যিক নেতৃত্ব তাকে এই পদের জন্য সবচেয়ে উপযুক্ত করে তুলেছে। তার নেতৃত্বে নিউজিল্যান্ড ক্রিকেট নতুন উন্নয়নের পথে এগিয়ে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।