তোমার হল শুরু, আমার হল সারা

97 Repoter: 97admin

Publish: messages.not_available Update: 1 hour ago
তোমার হল শুরু, আমার হল সারা

তোমার হল শুরু, আমার হল সারা

তোমার হল শুরু, আমার হল সারা

মাশরাফি এবং সাকিব।বাংলাদেশ ক্রিকেটের সাথে যদি কিছু নাম ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে তার মধ্যে এই দুইটি নাম সারির উপরের দিকেই থাকবে সবসময়। মাশরাফি গতকাল অধিনায়কত্বের পাশাপাশি নিজের টি২০ এর লাল সবুজ জার্সিটি বিদায়ী হাসি দিয়ে তুলে রেখে দিয়েছেন।যদিও বিদায় কখনোই সুমধুর হয় না, তবুও বিদায়ের দিনেই অধিনায়কের জন্য ৪৫ রানের বিশাল জয় উপহার দিয়েছে সাকিব-মুস্তাফিজরা। জয়ের পর ম্যাচসেরা সাকিব আল হাসান কে পুরস্কার বিতরণী মঞ্চে মাশরাফিকে নিয়ে প্রশ্ন করলেন উপস্থাপনার দায়িত্বে থাকা ধারাভাষ্যকার।ব্যাটে বলে সমান অলরাউন্ড পারফর্মেন্সে দলকে জিতিয়েও মঞ্চে এসে প্রাণ খোলা হাসি নেই সাকিবের।অধিনায়কের বিদায় টা যেন সহ অধিনায়ককেও আবেগপ্রবণ করে তোলে।একজন মাশরাফির প্রয়োজনীয়তা মাইক্রোফোনের সামনে কিভাবে বুঝাবেন তিনি! কিন্তু তারপরো নিজেকে গুছিয়ে নিয়ে বললেন, 'মাশরাফি অনন্য।দলে তার গুরুত্ব কতটা,এটা আসলে আমি বলে বোঝাতে পারবো না।' ক্যারিয়ারের শুরু থেকে বা তারও আগে থেকে চেনা-জানাটা পরের কথাতেই তুলে ধরেন সাকিব, 'ক্যারিয়ারের শুরু থেকে তাকে পেয়েছি।আসলে তাকে আমি চিনি আন্তর্জাতিক ক্রিকেট শুরু হওয়ার আরও অনেক আগে থেকে।তাকে অনেক মিস করবো।' তবে সেই মিসটা তিনি ওয়ানডে তে করতে চান না।তাই তো সাথে সাথে আরও যোগ করেন, 'তার ভবিষ্যতের জন্য শুভ কামনা থাকলো।অবশ্য ওয়ানডেতে আমরা তাকে পাচ্ছি,আর সেখানে তিনি বড় ভূমিকা পালন করবেন।' সাকিব আল হাসান এভাবেই আবেগকে পাশ কাটিয়ে অধিনায়ককে বিদায় বার্তা দিয়েছেন। গতকাল প্রেমাদাসায় একটু অন্যরকম মাশরাফি কে দেখা গেলো।টস করার সময় ঠিক থাকলেও ব্যাটিং,ফিল্ডিং এর সময় ভীষণ অস্থির ছিলেন মাশরাফি।নিজের বিদায়ী ম্যাচে মালিঙ্গার কাছে শূন্য রানে ফিরে যাওয়ায় ব্যাটিং এর অস্থিরতা ফুটে উঠেছিল।সেই অস্থিরতা আরও বেড়ে যায় ফিল্ডিং নামার ঠিক আগে সতীর্থরা গার্ড অব অনার দেওয়ার সময়।ক্যারিয়ারের শেষ টি২০ তে আবেগের স্রোত যেন বারবার মাশরাফিকে ছুয়ে যাচ্ছে।একটু পরপর খেই হারাচ্ছিলেন দলপতি।হাত থেকে লংকান অধিনায়ক উপুল থারাংগার ক্যাচ ফস্কে যাওয়ার কারণও বোধয় সেটাই।ঠিক সেই সময়ে সহ-অধিনায়ক হিসেবে দায়িত্বে থাকা সাকিব আল হাসান এগিয়ে আসেন।কখনো বা বোলারের সাথে কথা বলে আবার প্রয়োজন অনুযায়ি ফিল্ডিং সাজানোতে ব্যস্ত দেখা যায় সাকিবকে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাকিবের সক্রিয়তা নিয়েই কথা বলেন মাশরাফি। "সাকিব যখন মাঠে এমন সক্রিয় থাকে কাজটা অনেক সহজ হয়ে যায়।এমন ম্যাচ আপনি আগেও দেখবেন।সাকিব সক্রিয় থাকাতে আমি যখন ফাইন লেগে ফিল্ডিং করছিলাম, ও বোলারের সাথে কথা বলে ফিল্ডিং সাজাচ্ছিল।তার জন্য আমার দৌড়ে যেতে হয় নি।যেটা বলছিলাম,নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিলাম না।সাকিব এগিয়ে আসাতে আমার জন্য ভাল হয়েছে।" মাশরাফির বিদায়ে সহ-অধিনায়ক সাকিবেরই অধিনায়ক হওয়ার সম্ভাবনা প্রবল।বিশ্বসেরা অলরাউন্ডার হোক আর যেই হোক তার জন্য শুভ কামনা জানাতে ভুলেন নি মাশরাফি।আসন্ন নতুন অধিনায়কের জন্য নিজের এবং তার পরিবারের পক্ষ থেকে শুভ কামনা জানিয়ে গেছেন মাশরাফি। একজন মাশরাফি যিনি টি২০ তে হয়ে গেলেন সাবেক অধিনায়ক এবং অন্যজন যিনি টি২০ তে বিশ্ব দাপিয়ে বেড়াচ্ছেন তিনিই সম্ভবত পরবর্তী অধিনায়ক হতে যাচ্ছেন।তার থেকেও বড় কথা দুই জনের পরস্পরের প্রতি যে শ্রদ্ধা,ভালবাসা,বড় ভাই ছোট ভাই সম্পর্কে একজন অপরজনকে যেভাবে মাঠ এবং মাঠের বাহিরে সহায়তা করে যাচ্ছেন বছরের পর বছর ধরে, এর থেকে সুন্দর দৃশ্য বাংলাদেশি সমর্থকদের জন্য খুব কমই আছে। একজন দায়িত্ব ছাড়ছেন, একজন সেই দায়িত্ব নিতে যাচ্ছেন। দুজনই দুজনের শুভাকাঙ্ক্ষী। রবীন্দ্রনাথ ঠাকুরের দুইটি লাইন,

"তোমার হল শুরু,   আমার হল সারা-- তোমায় আমায় মিলে   এমনি বহে ধারা ॥"