ফিফটি-ফিফটি লিটন, বিকল্প হিসেবে প্রস্তুত সৌম্য সরকার

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 11 মিনিট আগে
ফিফটি-ফিফটি লিটন, বিকল্প হিসেবে প্রস্তুত সৌম্য সরকার

ফিফটি-ফিফটি লিটন, বিকল্প হিসেবে প্রস্তুত সৌম্য সরকার

ফিফটি-ফিফটি লিটন, বিকল্প হিসেবে প্রস্তুত সৌম্য সরকার

চট্টগ্রামে বাংলাদেশ দলের অনুশীলন চলছে পুরোদমে, সামনে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষ। তবে সিরিজ শুরুর আগের দিনও একটি প্রশ্নের উত্তর মেলেনি প্রথম টি-টোয়েন্টিতে নেতৃত্ব দেবেন তো লিটন দাস? দলের অধিনায়ক সংবাদ সম্মেলনে উপস্থিত থাকলেও তার মুখের কথাতেই স্পষ্ট, মাঠে নামা নিয়ে এখনো পুরোপুরি নিশ্চিন্ত হওয়ার সুযোগ নেই।

আগামীকাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সেই সিরিজের আগে মঙ্গলবার গণমাধ্যমের মুখোমুখি হন লিটন। তবে আলোচনার বড় অংশজুড়েই ছিল তার শারীরিক অবস্থা। শেষ ওয়ানডেতে পাওয়া পায়ের চোট এখনো পুরোপুরি সেরে ওঠেনি বলে জানান তিনি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ফিল্ডিং করার সময় পায়ের পেশীতে টান অনুভব করেন লিটন। চোটের কারণে মাঠ ছেড়ে যেতে হয়েছিল তাকে। পরে ব্যাট হাতে ফিরলেও আর ফিল্ডিং করা সম্ভব হয়নি। কয়েকদিন পেরিয়ে গেলেও সেই অস্বস্তি এখনো রয়ে গেছে।

নিজের বর্তমান অবস্থা ব্যাখ্যা করতে গিয়ে লিটন বলেন, ‘আগের চেয়ে আমি অনেক ভালো আছি। যে অবস্থায় ছিলাম, তার থেকে এখন ভালো লাগছে। তবে আজ দেখব, এরপর কাল আবার দেখে সিদ্ধান্ত নিতে হবে আমার বিষয়টা।’

অধিনায়কের এই অনিশ্চয়তাই বাংলাদেশ দলের নির্বাচকদের বিকল্প পরিকল্পনা নিতে বাধ্য করেছে। তাই টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগমুহূর্তে জাতীয় দলে ফেরানো হয়েছে অভিজ্ঞ ব্যাটার সৌম্য সরকারকে। যদিও সংবাদ সম্মেলনের সময় পর্যন্ত তিনি চট্টগ্রামে পৌঁছাননি, তবে বুধবার সকালে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে তার।

সৌম্যকে দলে নেওয়ার পেছনে মূল কারণ যে নিজের শারীরিক অবস্থা, সেটি খোলাসা করেছেন লিটন নিজেই। অধিনায়কের ভাষ্য অনুযায়ী, পরিস্থিতি কোন দিকে যাবে তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সৌম্যকে দলে নেয়ার কারণ হলো, আমি নিজেই ফিফটি-ফিফটি অবস্থায় ছিলাম। কী হতে পারে, সেটা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। এ জন্য অন্তত কাল পর্যন্ত অপেক্ষা করতে হবে।’

তবে শুধু লিটনের ফিটনেস নয়, দলের আরেক ক্রিকেটার পারভেজ হোসেন ইমনও পুরোপুরি সুস্থ নন। ফলে শেষ মুহূর্তে খেলোয়াড় সংকটে পড়ার ঝুঁকি নিতে চায়নি টিম ম্যানেজমেন্ট। সেই কারণেই আগেভাগে একজন অভিজ্ঞ ক্রিকেটারকে স্কোয়াডে যুক্ত করা হয়েছে।

দলের ভাবনা ব্যাখ্যা করে লিটন বলেন, ‘এছাড়া ইমনেরও হালকা অসুস্থতা আছে। তাই আমরা ঝুঁকি নিতে চাইনি যে প্রয়োজনের সময় হঠাৎ করে কাউকে ডেকে আনতে হবে। সেই চিন্তা থেকেই সৌম্যকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে।’

সৌম্য এখনো দলের সঙ্গে অনুশীলনে যোগ না দিলেও খুব দ্রুতই তাকে পুরোপুরি প্রস্তুত অবস্থায় পাওয়া যাবে বলে আশা করছেন অধিনায়ক।

এ বিষয়ে লিটনের বক্তব্য, ‘আজ হয়তো সে অনুশীলন করতে পারবে না, তবে কাল থেকে দলের সাথে পুরোপুরি যুক্ত হয়ে যাবে।’